শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য দেওয়ার পথে নিউ জিল্যান্ড
ডানেডিন টেস্টে দ্বিতীয় ইনিংসে ভালো ভিত পেয়েছে নিউ জিল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৩৭ রানের লিড নেওয়া দলটি বড় লক্ষ্য দেওয়ার পথে রয়েছে।
প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে নিউ জিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১৭১ রান। টম ল্যাথাম ৭২ ও কেন উইলিয়ামসন ৪৮ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়েছেন এই দুই জনে।
প্রথম ইনিংসে শতক করা মার্টিন গাপটিল এবার ফিরেছেন ৪৬ রানে। এই রান করতে ল্যাথামের সঙ্গে ৭৯ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি।
এর আগে শনিবার ইউনিভার্সিটি ওভালে ৪ উইকেটে ১৯৭ রানে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনেশ চান্দিমাল ও কিথুরুয়ান ভিথানাগেকে শুরুতেই ফিরিয়ে অতিথিদের চাপে ফেলেন টিম সাউদি।
দিনের দ্বিতীয় বলেই ফিরে যাওয়া চান্দিমাল (৮৩) কোনো রান যোগ করতে পারেননি। আগের দিন ১০ রান করা ভিথানাগে (২২) তাকে অনুসরণ করেন দলের সংগ্রহ দুইশ’ পার হওয়ার পর।
২০৯ রানে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারানো শ্রীলঙ্কাকে ২৯৪ পর্যন্ত নিয়ে যান মিলিন্দা সিরিবর্ধনে (৩৫) এবং টেইল এন্ডাররা।
নিউ জিল্যান্ডের সাউদি ও নেইল ওয়াগনার তিনটি করে এবং মিচেল স্যান্টনার ও ট্রেন্ট বোল্ট দুটি করে উইকেট নেন।
এর আগে প্রথম ইনিংসে ৪৩১ রান করে নিউ জিল্যান্ড।
