একই ‘রেসিপি’ অনুসরণ করতে চান মাশরাফি
যেভাবে খেলে প্রাথমিক পর্বের শীর্ষে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফাইনালে ওঠার লড়াইয়েও সাফল্যের সেই একই রেসিপি অনুসরণ করতে চান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লম্বা প্রাথমিক পর্ব শেষে শীর্ষে ছিল মাশরাফির দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কুমিল্লা অধিনায়ক জানালেন, সাফল্যের সম্ভাবনা দেখছেন নিজেদের পরীক্ষিত সফল রেসিপিতেই।
“প্রাথমিক পর্বের শীর্ষে থাকাটা সত্যি বলতে ছিল আমাদের প্রত্যাশার চেয়েও বেশি। তাই যেভাবে খেলে আমরা সাফল্য পেয়ে এসেছি, সেভাবেই খেলে যেতে চাই। খুব বেশি কিছু বদলানো বা যোগ করার কিছু দেখছি না।”
কুমিল্লার সাফল্যের রেসিপিতে মূল উপকরণ টিম স্পিরিট। টুনামেন্ট জুড়ে সেটা নিয়ে আলোচনাও হয়েছে অনেক। আরও একবার সেটি খোলাসা করলেন মাশরাফি।
“আমাদের দলে বড় কোনো তারকা ছিল না। মাঝে আবার স্যামুয়েলস চলে গেল, নারাইনকে হারাতে হলো। চোটের কারণে তো একাদশ সাজানোই মুশকিল এখনও। টুর্নামেন্ট জুড়েই থিতু দল পাইনি। তারপরও আমরা ভালো করেছি। সবাই একতাবদ্ধ ছিল। প্রয়োজনের সময় কেউ না কেউ দাঁড়িয়ে গেছে। সবাই এক হয়ে খেলেছি।”
টুর্নামেন্ট শুরুর আগে থেকেই এবারের আসরের অন্যতম ফেভারিট দল সাকিব আল হাসানের রংপুর। একগাদা অলরাউন্ডার সমৃদ্ধ দলটি টি-টোয়েন্টির জন্য প্রায় আদর্শ এক দল।
চ্যালেঞ্জটা কঠিন, জানেন মাশরাফিও। টি-টোয়েন্টির বাস্তবতটাও মনে করিয়ে দিলেন অধিনায়ক।
“কাগজে-কলমের হিসাব টি-টোয়েন্টিতে খুব বেশি কাজে লাগে না। ম্যাচের দিন কে কিভাবে খেলল, সেটাই আসল। একটি স্পেলে বা ২ ওভারের ভালো ব্যাটিংয়ে ম্যাচ ঘুরে যায়।”
১৪ পয়েন্ট নিয়ে প্রাথমিক পর্বের শীর্ষে ছিল কুমিল্লা। সমান পয়েন্ট নিয়ে রান রেটে দুইয়ে ছিল রংপুর। প্রাথমিক পর্বের পরস্পরের দুই লড়াইয়েও দুই দল জিতেছে একটি করে।
শীর্ষ দুইয়ে থাকায় ফাইনালে ওঠার জন্য অন্তত দুটি সুযোগ পাচ্ছে কুমিল্লা। নিজেদের দলের অবস্থার কারণে এটিকে বড় সুবিধা মানছেন মাশরাফি।
“চোটের কারণে প্রতি ম্যাচেই জোড়াতালি দিয়ে দল নামাচ্ছি আমরা। এজন্যই দুইয়ের মধ্যে থাকতে মরিয়া ছিলাম। একটি ম্যাচে না পারলে আরেকটি সুযোগ থাকবে। তবে অবশ্যই আমরা চাইব প্রথম সুযোগেই ফাইনালে উঠতে। চাপ কমে যায় তাতে, ফাইনালের আগে বাড়তি একটি দিন বিশ্রামও পাওয়া যাবে।”
