হোবার্টে ফলো অন এড়াতে লড়ছে উইন্ডিজ
হোবার্ট টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক অস্ট্রেলিয়ার বোলারদের তোপে ৬৫ ওভারে ছয় উইকেটে ২০৭ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।
অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ৩৭৬ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
অ্যাডাম ভোজেসের ক্যারিয়ার সেরা অপরাজিত ২৬৯ রান আর শন মার্শের শতকে ৫৮৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
টেস্টে এটাই ভোজেসের প্রথম দ্বিশতক। ডানহাতি এই ব্যাটসম্যানের আগের সর্বোচ্চ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত জুনে করা অপরাজিত ১৩০* রান।
ভোজেস-মার্শ জুটি ভেঙেছে মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবিরার জুটি। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে করাচিতে ৪৩৭ রানের জুটি গড়েছিলেন দুই লঙ্কান ব্যাটসম্যান।
৮৭.৩ ওভার উইকেটে এক সঙ্গে কাটিয়েছেন ভোজেস-মার্শ, ওভারপ্রতি ৫.১৩ রান তুলে দুজনে গড়েছেন ৪৪৯ রানের জুটি। ১৩৮ বছর আর ২ হাজার ১৯৩ ম্যাচের টেস্ট ইতিহাস চতুর্থ উইকেটে এর চেয়ে বড় জুটি নেই।
ভোজেস-মার্শের ৪৪৯ অস্ট্রেলিয়ার মাটিতে সব জুটি মিলিয়েই টেস্ট ইতিহাসের সর্বোচ্চ জুটি। ১৯৪৬-৪৭ অ্যাশেজের সিডনি টেস্টে পঞ্চম উইকেটে ৪০৫ রানের জুটি গড়েছিলেন সিডনি বার্নস ও স্যার ডন ব্র্যাডম্যান। দুজনই করেছিলেন ২৩৪।
হোবার্টের বেলেরিভ ওভালে শুক্রবার দ্বিতীয় দিনে নিজেদের ইনিংসের শুরুতে হোঁচট খায় ক্যাবিবিয়রা। ১৭ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর দলীয় রান ৮৯ হতেই প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারায় তারা।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে দিনের শেষ সেশনে জস হেইজেলউড, নাথান লায়নদের বিপক্ষে ভালো লড়াই করেন ব্রাভো। ১৫৯ বলে ৯৪ রান করে অপরাজিত আছেন এই ব্যাটসম্যান। তার সঙ্গী পেসার রোচ অপরাজিত ৩১ রানে।
অধিনায়ক জ্যাসন হোল্ডারের বিদায়ের পর সপ্তম উইকেট জুটিতে ব্রাভো ও রোচ ৯১ রান যোগ করেন। অবিচ্ছিন্ন এ জুটির হাত ধরে তৃতীয় দিন ফলোঅনে না পড়ার লড়াই শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।
অস্ট্রেলিয়ার লায়ন তিনটি ও হেইজেলউড দুটি করে উইকেট নেন।
