২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তদের জন্যই রান করতে চেয়েছিলেন গেইল

দলের হার আর নিজের রান না পাওয়ায় চাপে ছিলেন ক্রিস গেইল। বিস্ফোরক ব্যাটসম্যান জানালেন, ভক্তদের বিনোদন দিতেই মরিয়া ছিলেন রানে ফিরতে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 12:43 AM

Updated : 25 Apr 2022, 02:16 PM

গেইল আসার আগে এক রকম উড়ছিল বরিশাল বুলস। ছয় ম্যাচে জিতেছিল পাঁচটিতেই। গেইল আসার পর যেখানে আরও দুর্বার হয়ে ওঠার কথা, হলো উল্টো। টানা দুটি ম্যাচ হারল বরিশাল, একটিতে ৫৮ রানে অলআউটের বিব্রতকর অভিজ্ঞতাও হলো।

গেইল নিজেও ব্যাট হাতে ছিলেন বিবর্ণ। অবশেষে তৃতীয় ম্যাচে ফিরে পেলেন নিজেকে। জয়ে ফিরল দল। ১৩৬ রান তাড়ায় ৮ উইকেটে জিতল বরিশাল। ৬ চার ও ৯ ছক্কায় একাই ৪৭ বলে ৯২ করে অপরাজিত গেইল।

প্লেয়ার্স বাই চয়েজ-এর বাইরেই গেইলকে দলে নিয়েছিল বরিশাল। শোনা যাচ্ছে, ম্যাচ প্রতি গেইলের পারিশ্রামিক প্রায় ৩৫ হাজার ডলার। বাংলাদেশের বাস্তবতায় অঙ্কটা আকাশচুম্বী, গেইলের কাছে দলের প্রত্যাশাও তাই বিশাল।

ম্যাচ-সেরার পুরস্কার নিয়ে গেইল জানালেন, নিজেও অনুভব করছিলেন চাপটা।

“ছেলেরা ভালো ক্রিকেট খেলছিল। আমি আসার পর দল দুটি ম্যাচই হেরেছে। আমি নিজেও দুই ম্যাচে রান করতে পারিনি। অনেকটা চাপেরই ব্যাপার ছিল। এই ম্যাচের পারফরম্যান্স চাপ কিছুটা হালকা করেছে।”

দীর্ঘ দিন লেগে থাকা চোট কাটাতে গত আগষ্টে অস্ত্রোপচার করিয়েছিলেন পিঠে। তারপরও এই টুর্নামেন্টট দিয়েই ফিরেছেন মাঠে। ব্যাটিং বিস্ফোরণ দেখতে অপেক্ষা থাকা ভক্তদের জন্য রান করার তাগিদটা অনুভব করছিলেন গেইল।

“আমার ভক্তদের জন্য রান করা জরুরি ছিল। যতটা সম্ভব তাদের বিনোদন দিতে চাই আমি। কয়েক মাস মাঠের বাইরে ছিলাম। ফেরার পর ছন্দ পেতে খানিকটা সময় লাগেই।”

দুর্দান্ত ইনিংসটার পেছনে উইকেটেরও যে ভুমিকা আছে, সেটাও গেইল স্বীকার করে নিলেন অকপটে।

“আজকের উইকেট আগের চেয়ে ভালো ছিল। বল ব্যাটে এসেছে। শিশিরও হয়ত খানিকটা ভূমিকা রেখেছে। খুব বেশি টার্ন করানোর উপায় ছিল না, স্পিনারদের কাজটা ছিল কঠিন।”

টুর্নামেন্টের নিজের ভবিষ্যত ভাবনা নিয়ে যা বলছেন, তাতে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত অনুভব করতে পারে সামনের প্রতিপক্ষ দলগুলো।

“গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ আছে সামনে। টুর্নামেন্টের শেষ ভাগে আমরা এখন। মোমেন্টাম পাওয়ার সঠিক সময় এটিই। আমি মুখিয়ে আছি ওই ম্যাচগুলোর জন্য।”

পুরনো খবর:

ছক্কার রেকর্ডে নিজেকে ছাড়িয়ে গেইল
গেইল তাণ্ডবে বরিশালের দুর্দান্ত জয়