‘মাশরাফি-সাকিব দুই জনই আক্রমণাত্মক অধিনায়ক’
জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আর রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসানের মধ্যে কাউকে পিছিয়ে রাখছেন না আরাফাত সানি।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের শুরুতে অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমকে পেয়েছিলেন আরাফাত। তবে তার ২২টি আন্তর্জাতিক ম্যাচের বেশিরভাগই খেলেছেন দেশসেরা পেসার মাশরাফির নেতৃত্বে।
সাকিবের অধীনে এবার রংপুরে খেলছেন আরাফাত। ২৯ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার এর আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এক মৌসুম খেলেছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের নেতৃত্বে।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ৮ উইকেটের জয়ের পর সংবাদ সম্মেলনে আরাফাত মাশরাফি-সাকিবের নেতৃত্বের প্রশংসা করেন।
“দুইজনই খুব ভালো অধিনায়ক। দুইজনই আক্রমণাত্মক অধিনায়ক। তাদের অধীনে খেলার সময় তারা আমাকে যে পরিকল্পনা অনুযায়ী বল করতে বলে আমি সেটাই করার চেষ্টা করি।”
সিলেটের বিপক্ষে ১৪ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতা আরাফাত জানান, সব সময় তার নিজস্ব পরিকল্পনা একই থাকে, “এক জায়গায় বল করে যাওয়া, ডট বল করে ব্যাটসম্যানকে চাপে রাখার। রান যত সম্ভব কম দেওয়া।”
বিপিএলে সবার আগে শেষ চার নিশ্চিত করেছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেটকে হারিয়ে সোমবার শেষ চার নিশ্চিত করেছে সাকিবের রংপুরও।
