২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের জন্য চোট নিয়েই খেলে যাবেন মাশরাফি

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন, আছে আরও টুকটাক সমস্যা। বোলিং করতেই পারছেন না। দলের প্রয়োজনে তবু এভাবেই খেলে যাবেন মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 08:19 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

চট্টগ্রামে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মাশরাফি। তিনটি ম্যাচ খেলেছিলেন চোট নিয়েই। ঢাকায় ফিরে দেখিয়েছেন বিসিবির চিকিৎসক ও ফিজিওকে। সোমবার বরিশাল বুলসকে হারিয়ে শেষ চার নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে কুমিল্লা অধিনায়ক শোনালেন নিজের চোটের অবস্থা।

“ঢাকায় ফিরে জাতীয় দলের ফিজিওকে দেখিয়েছি। হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ টিয়ার আছে। এই মুহূর্তে বোলিং করতে পারছি না। সেমি-ফাইনালের আগে ফিটনেস টেস্ট দিতে হবে। তারপর চিন্তা-ভাবনা করছি। এত সিরিয়াস কিছু না।”

সবশেষ ২ ম্যাচে ব্যাটিং-বোলিং কিছুই করেননি মাশরাফি। সবাদ সম্মেলনে বেশ কবারই বলেছেন, দল শুধু অধিনায়ক হিসেবেই পেতে চায় তাকে। বোলিং না করলেও মাঠে তার উপস্থিতিই উজ্জীবিত করে দলকে।

তবে দল এখন শেষ চার নিশ্চিত করে ফেলেছে। চাইলে প্রাথমিক পর্বের শেষ দুই ম্যাচ বিশ্রাম নিতেই পারেন মাশরাফি। কিন্তু কুমিল্লা অধিনায়ক যে এর মধ্যেই ঠিক করে ফেলেছেন নতুন লক্ষ্য!

“শীর্ষ দুইয়ে থাকার খুব কাছে চলে এসেছি। এই অবস্থা থেকে এক-দুইয়ে না থাকতে পারলে সেটা দুর্ভাগ্যজনক হবে আমাদের জন্য। বোলিং করতে পারছি না কিন্তু দলটা তো চালাতে হবে। অধিনায়কত্ব করার মত আমাদের সেরকম কেউ নেই। বিদেশিদের দায়িত্ব দিতে চাইছি না। এজন্য মাঠে থাকতে হচ্ছে।”

মাশরাফি আশ্বাস দিলেও ভয়ের জায়গা থাকেই। চোট নিয়ে ম্যাচের পর ম্যাচ খেলে গেলে মামুলি চোটই বড় হয়ে উঠতে পারে। টানা খেলার মধ্যে থাকায় চোটপ্রবণ শরীরটাও ভেঙে পড়তে পারে।

মাশরাফি আবার শোনালেন সতর্ক হয়ে খেলার আশ্বাস।

“সতর্কভাবে খেলছি। আগেও বলেছি, দল চাচ্ছে মাঠে থেকে দলটা দেখাশোনা করি। মাঠে দাঁড়িয়ে থেকে এটা করতে হচ্ছে। দীর্ঘ মেয়াদের কথা চিন্তা করে ওই ধরনের চাপ নিচ্ছি না। আশা করছি, সমস্যা হচ্ছে না।”