২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডট বল আর রান আউটের আক্ষেপ সাঙ্গাকারার

সম্ভাবনা জাগিয়েও বড় স্কোর গড়তে পারেনি ঢাকা ডায়নামাইটস। কুমার সাঙ্গাকারা এর জন্য দায়ী করলেন অতিরিক্ত ডট বল খেলা আর গুরুত্বপূর্ণ সময়ে রান আউট হওয়াকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 11:36 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

রংপুর রাইডার্সের বিপক্ষে একটা সময় মনে হচ্ছিল দেড়শর আশেপাশে কোনো স্কোর গড়বে ঢাকা। কিন্তু শেষ পর্যন্ত আটকে যায় তারা ১৩৫ রানে। রংপুর ১০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাঝের ব্যাটিং আর রানিং বিটুইন দা উইকেট নিয়ে হতাশার কথা জানালেন সাঙ্গাকারা।

“খুব ভালোমতোই আমরা ১৫০ রান করার মত অবস্থায় ছিলাম। কিন্তু মাঝে দ্রুত কিছু উইকেট হারানো আমাদের পেছনে ঠেলে দেয়। আবারও আমরা প্রচুর ডট বল খেলেছি। দূর্ভাগ্যজনক কিছু রান আউট ছিল। সঙ্গে ব্যাটসম্যানদের শট নির্বাচনও ছিল বাজে।”

ঢাকার ইনিংসে এদিন ছিল তিনটি রান আউট। ১৬ রান করে ওপেনার সাদমান ইসলাম রান আউট হয়েছেন স্কয়ার লেগ থেকে সৌম্য সরকারের দারুণ থ্রোতে। সাঙ্গাকারা নিজেও খেলছিলেন দুর্দান্ত। ২৩ বলে ২ ছক্কায় ২৯ করে ঢাকা অধিনায়ক রান আউট হয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক সাকিব আল হাসানের বুলেট থ্রোতে। আর শেষ দিকে রান আউট হয়েছেন ১৩ রান করা মোসাদ্দেক হোসেন।

৭ ম্যাচে চতুর্থ হারে শেষ চারে জায়গা নিয়ে এখন শঙ্কায় ঢাকা।