মুস্তাফিজের দুই ‘বস’
জাতীয় দলে খেলেন অনুপ্রেরণাদায়ী মাশরাফি বিন মুর্তজার অধীনে। ঢাকা ডায়নাইমাটসে খেলছেন কুমার সাঙ্গাকারার নেতৃত্বে। দুই অধিনায়ক মাশরাফি-সাঙ্গাকারার কাউকে পিছিয়ে রাখছেন না তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।
দেশ সেরা পেসার মাশরাফির নেতৃত্বে এখন পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। নয় ওয়ানডেতে ২৬ আর পাঁচ টি-টোয়েন্টিতে দেশের হয়ে ৬ উইকেট নিয়েছেন এই তরুণ বাঁহাতি পেসার।
জাতীয় দলে মাশরাফির ডানায় থাকা মুস্তাফিজ বিপিএলে ঢাকা দলে অধিনায়ক হিসেবে পেয়েছেন সাঙ্গাকারাকে। শ্রীলঙ্কার এই কিংবদন্তিও আগলে রাখছেন আক্রমণের সেরা অস্ত্রকে।
বুধবার মাশরাফির কুমিল্লার কাছে ১০ রানে হারের পর সংবাদ সম্মেলনে দুই অধিনায়ক নিয়ে কথা বলেন মুস্তাফিজ, “(কে ভালো অধিনায়ক) এখন বলার কিছু নেই। দুজনই বস।”
বিপিএলে ছয় ম্যাচে নয় উইকেট নেওয়া মুস্তাফিজ জানান, পুরোটা সময় তাকে নানাভাবে সাহায্য করছেন সাঙ্গাকারা, “আমাকে নেটে প্রথম দেখার পর থেকেই আলাদা করে কথা বলেছেন। মাঠে বোলিং করার সময়ও অনেক কথা বলেন। সব সময় ভালো বলে, সঙ্গে রাখে।”
