জাহানারার দারুণ বোলিংয়ে মেয়েদের জয়
অধিনায়ক জাহানারা আলমের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
নতুন টি-টোয়েন্টি অধিনায়ক জাহানারার যাত্রা শুরু হলো সিরিজ জয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০তে জিতল মেয়েরা।
নেতৃত্বের প্রথম ম্যাচে উইকেট না পেলেও বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন জাহানারা। ম্যাচ-সেরাও হয়েছেন বাংলাদেশ অধিনায়কই।
জাহানারা ও অন্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পুরো ২০ ওভার খেলে ৬ উইকেটে মাত্র ৬৯ করতে পারে জিম্বাবুয়ে। নতুন বলে জাহানারার সঙ্গী পান্না ঘোষ ৪ ওভারে ৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ৯ রান দিয়েছেন সালমা খাতুন। রুমানা আহমেদ নিয়েছেন ১ উইকেট।
বাংলাদেশের মেয়েরা লক্ষ্যে পৌঁছে যায় ১১.৫ ওভারে, ২ উইকেট হারিয়ে। আগের ম্যাচে অর্ধশত করা আয়েশা রহমান এদিন করেছেন ২ ছক্কায় ২৮। আরেক ওপেনার শারমিন অবশ্য ফিরেছেন ৫ রানেই। ২৩ রানে অপরাজিত ছিলেন শায়লা শারমিন, ১২ রানে রুমানা।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েরা জিতেছিল ৩৫ রানে।
