২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে শতকের অপেক্ষায় তাসামুল

জিম্বাবুয়েতে দ্বিতীয় চার দিনের ম্যাচে শতকের অপেক্ষায় আছেন তাসামুল হক। তার ও শুভাগত হোম চৌধুরীর দারুণ দুই ইনিংসে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 12:11 AM

Updated : 22 Aug 2022, 01:57 PM

সোমবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৭৪ রান। এখনও ২৯ রানে পিছিয়ে আছে অতিথিরা।

মোসাদ্দেক হোসেন ৪৪ ও তাসামুল ৯৬ রানে ব্যাট করছেন। এই উদ্বোধনী ব্যাটসম্যানের ২১১ বলের ইনিংসটি সাজানো ৯টি চারে।

ডোনাল্ড টিরিপানোর তোপে ৬৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। দুই অঙ্কেই পৌছতে পারেননি রনি তালুকদার (৯) ও নাঈম ইসলাম (শূন্য)। থিতু হয়ে ফিরে যান মোহাম্মদ মিঠুন।

এরপরই তাসামুলের সঙ্গে জুটি বাধেন শুভাগত। চতুর্থ উইকেটে ১৪৮ রানের জুটি উপহার দেন এই দুই জন। দলকে ভালো অবস্থানে পৌঁছে দিলেও আক্রমণাত্মক ব্যাটিং করা শুভাগতকে ফিরতে হয় ৮ রানের জন্য শতক না পাওয়ার হতাশা নিয়ে।

১০১ বলে খেলা শুভাগতর ৯২ রানের ইনিংসটি ১২টি চার সমৃদ্ধ।

অধিনায়কের বিদায়ের পর মোসাদ্দেকের সঙ্গে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন তাসামুল।

জিম্বাবুয়ের পেসার টিরিপানো ৭৪ রানে নেন তিন উইকেট।

এর আগে ৮ উইকেটে ২৪৮ রান নিয়ে খেলা শুরু করে উইকেটরক্ষক-ব্যাটসম্যান জয়লল্ড গাম্বি ও টিরিপানোর দৃঢ়তায় অলআউট হওয়ার আগে ৩০৩ রান করে স্বাগতিকরা।

টিরিপানোকে (২৭) বোল্ড করে জিম্বাবুয়ের প্রতিরোধ ভাঙেন সাকলাইন সজীব। নবম উইকেটে টিরিপানোর সঙ্গে ৫৭ রানের জুটি গড়া গাম্বিকে পরের ওভারেই ফেরান মুক্তার আলী। সর্বোচ্চ ৭০ রান করা গাম্বির ৮৬ বলের ইনিংসটি গড়া ১০টি চারে।