বিপিএলে শুরু থেকে খেলতে আশাবাদী সৌম্য
পুরোপুরি ‘ফিট’ না হলেও মঙ্গলবার থেকে ব্যাটিং-বোলিং শুরু করবেন সৌম্য সরকার। বিপিএলে শুরু থেকে খেলতে পারবেন বলে আশা এই আক্রমণাত্মক ওপেনারের।
জিম্বাবুয়ে সিরিজের আগে অনুশীলনে পাঁজরে চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে যান সৌম্য সরকার। গত ৫ নভেম্বর বিসিবি জানিয়েছিল, চোট কাটাতে ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগতে পারে সৌম্যর।
সোমবার মিরপুর একাডেমি মাঠে বিপিএল দল রংপুর রাইডার্সের অনুশীলনে সতীর্থদের সঙ্গে দেখা করতে এসেছিলেন সৌম্য। সেখানেই সংবাদমাধ্যমকে জানালেন ইনজুরির বর্তমান অবস্থা।
“কাজ করে যাচ্ছি আমি। ব্যথা আগের মত নেই। এমনিতে মাথায় একটা ব্যাপার থাকেই যে, এই জায়গাটায় ব্যথা আছে। তখন হয়ত অনুভূত হয়। তবে আগে থেকে এখন অনেক ভালো।”
২২ নভেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সৌম্যর দল রংপুর রাইডার্স। সময় খুব বেশি না থাকলেও প্রথম ম্যাচ থেকেই মাঠে নামার ব্যাপারে আশাবাদী তরুণ ওপেনার।
“যেভাবে কাজ চলছে তাতে শুরু থেকে খেলার ব্যাপারে আমি আশাবাদী। কাল থেকে ব্যাটিং-বোলিং শুরু করব। তবে এখনও একটা ডাক্তারের রিপোর্ট বাকি আছে। পেলে জানতে পারব কত দিন লাগবে।”
