পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই উমর আকমল
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন উমর আকমল। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা রাফাতুল্লাহ মোহাম্মদ।
আকমলের বাদ পড়া অবশ্য ফর্মের কারণে নয়। প্রধান নির্বাচক হারুন রশিদ জানান, পাকিস্তানের ক্রিকেটকে দুর্নামের মধ্যে ফেলে বোর্ডের কারণ দর্শানো নোটিশ পাওয়ার কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়।
ইএসপিএন ক্রিকইনফো জানায়, কায়েদ-ই-আজম ট্রফিতে হায়দরাবাদ ও সুই নর্দান গ্যাস পাইপ লাইন্স লিমিটেডের ম্যাচের মধ্যে প্রয়োজনীয় অনুমতি না নিয়েই একটি পার্টিতে যোগ দিয়েছিলেন আকমল।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের ইনিংস উদ্বোধন করতে আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজের সঙ্গে লড়াই হবে ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান রাফাতুল্লাহর।
ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। দুবাইয়ে প্রথম ম্যাচটি হবে আগামী ২৬ নভেম্বর। পরের দিন একই মাঠে হবে দ্বিতীয় ম্যাচ। আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শারজাহতে ৩০ নভেম্বর।
সংযুক্ত আরব আমিরাতে তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জেতে পাকিস্তান। চার ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি গত বুধবার ৬ উইকেটে জেতে তারা।
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান টি-টোয়েন্টি দল: আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, রাফাতুল্লাহ মোহাম্মদ, শোয়েব মালিক, শোয়েব মাকসুদ, ইফতিখার আহমেদ, শহীদ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, আনোয়ার আলি, ইমাদ ওয়াসিম (ফিট না থাকলে বিলাল আসিফ), ইমরান খান, মোহাম্মদ ইরফান, সোহেল তানভির, ওয়াহাব রিয়াজ, আমির ইয়ামিন।
