বিপিএলে তামিমদের কোচ আকিব জাভেদ
বিপিএলের তৃতীয় আসরে চিটাগং ভাইকিংসের কোচ নিয়োগ দেওয়া হয়েছে আকিব জাভেদকে। সাবেক পাকিস্তানি পেসার এখন সংযুক্ত আরব আমিরাতের কোচ।
কিছুদিন আগে ভাইকিংসের লোগো উন্মোচন অনুষ্ঠানে কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল সাবেক ভারতীয় অলরাউন্ডার ও আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক কোচ রবিন সিংকে।
কিন্তু বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভাইকিংস জানায়, ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন রবিন সিং। কোচ হিসেবে জানানো হয় আকিব জাভেদের নাম।
১৯৮৯ থেকে ১৯৯৮ পর্যন্ত ক্রিকেট ক্যারিয়ারে ২২ টেস্টে ৫৪ উইকেট নিয়েছিলেন আকিব, ১৬৩ ওয়ানডেতে উইকেট ছিল ১৮২টি। ১৯৯১ সালে শারজাহতে ভারতের বিপক্ষে তার ৩৭ রানে ৭ উইকেট দীর্ঘদিন ছিল ওয়ানডেতে সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ড।
খেলা ছাড়ার পর কোচিংয়ে আসেন আকিব। ২০০৭ সালে কোচ হিসেবে যোগ দেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমিতে। এরপর দুই দফায় বোলিং কোচ ছিলেন পাকিস্তান জাতীয় দলের। কোচ হিসেবে কিছুদিন কাজ করেছেন আফগানিস্তানে। পরে দায়িত্ব নেন আরব আমিরাতের। তার কোচিংয়ে গত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আমিরাত।
চট্টগ্রামের দলটির দায়িত্ব নিতে আগামী মঙ্গলবার ঢাকায় আসার কথা আকিবের।
