অস্ট্রেলিয়া সফরে অপরিবর্তিত উইন্ডিজ টেস্ট দল
অস্ট্রেলিয়া সফরে তিন টেস্ট সিরিজের জন্য দলে কোনো পরিবর্তন আনেনি ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দলটির উপরই আস্থা রেখেছেন দেশটির নির্বাচকরা।
১৫ সদস্যের দলে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা একমাত্র খেলোয়াড় অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েইট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন তিনি।
১৯৯৭ সাল থেকে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। এই খরা কাটানোর লক্ষ্য নিয়ে এবারের সফরে যাচ্ছে আবার কোচের পদে বহাল হওয়া ফিল সিমন্সের দল। ২০০৩ সাল থেকে কোথাও কোনো টেস্ট ম্যাচ জেতেনি ওয়েস্ট ইন্ডিজ।
হোবার্টে ১০ ডিসেম্বর প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। মেলবোর্নে ২৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট সিডনিতে ৩ জানুয়ারি থেকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দল: জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েইট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্র্যাথওয়েইট, ড্যারেন ব্র্যাভো, রাজিন্দ্র চন্দ্রিকা, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, সাই হোপ, দিনেশ রামদিন, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, জেরোম টেইলর, জোমেল ওয়ারিক্যান।
