২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাওয়া নিয়ে জটিলতা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের এক কর্মকর্তা জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের এই টুর্নামেন্টে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে না।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 07:01 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) চায় বিপিএলে খেলার চেয়ে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে খেলুক শ্রীলঙ্কার ক্রিকেটাররা।

আগামী ২২ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর বসবে বিপিএলে তৃতীয় আসর।

ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া প্রসঙ্গে এসএলসি ক্রিকেটের অপারেশন্স ম্যানেজার কার্লটন বার্নাডাস বলেন, “কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা অনুমতি পাবে না। কারণ, ২৭ নভেম্বর নিউ জিল্যান্ড সফরে যাবেন খেলোয়াড়রা।”

“এছাড়া বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের যারা নিউ জিল্যান্ড সফরে যাবে না, তারা দেশে থাকবে এবং ঘরোয়া টুর্নামেন্টে খেলবে। এই টুর্নামেন্ট শুরু হবে ২০ নভেম্বর থেকে,” যোগ করেন এসএলসি কর্মকর্তা।

নিজেদের ঘরোয়া টুর্নামেন্টের মান নিশ্চিত করতে এবং ক্লাবগুলো যেন পুরো মৌসুম সেরা খেলোয়াড়দের পায় তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে এসএলসি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আশা করছেন, বিপিএলে ক্রিকেটারদের খেলার অনুমতি দেবে শ্রীলঙ্কা।

“আমরা আত্মবিশ্বাসী, আগামী কয়েক দিনে এসএলসি ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেবে।”

বিপিএল গর্ভনিং কাউন্সিল শ্রীলঙ্কার ২৫ জন খেলোয়াড়কে অনাপত্তিপত্র দেওয়ার অনুরোধ জানায়। এদের মধ্যে লাহিরু থিরিমান্নে, সচিত্রা সেনানায়েকেসহ ১৭ জন খেলোয়াড় রয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে।

জিবন মেন্ডিস বিপিএলে খেলার জন্য তামিল ইউনিয়ন ক্রিকেট ক্লাবের বিশেষ অনুমতি পেয়েছেন। তবে কেন্দ্রীয় চুক্তিতে থাকা এই অলরাউন্ডারকেও আটকে দিতে পারে এসএলসি।

জিবন মেন্ডিসকে দলে নিয়েছে চিটাগাং ভাইকিংস। তাদের দলে থাকা শ্রীলঙ্কার অন্য ক্রিকেটার চামারা কাপুগেদারা কেন্দ্রীয় চুক্তিতে নেই।

ঢাকা ডায়নামাইটসের শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই।

সিলেট সুপার স্টার্সের অজন্তা মেন্ডিস আছেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তিতে। বরিশাল বুলসের সেকুগে প্রসন্নও আছেন সেই তালিকায়।

রংপুর রাইডার্সের থিসারা পেরেরা কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও সচিত্রা সেনানায়েকে আছেন সেই তালিকায়।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নুয়ান কুলাসেকারা কেন্দ্রীয় চুক্তিতে নেই; কিন্তু আছেন লাহিরু থিরিমান্নে।

বার্নাডাস জানান, কেন্দ্রীয় চুক্তিতে না থাকা খেলোয়াড়রা ক্লাবের অনুমতি পেলে বিপিএলে খেলতে কোনো সমস্যা নেই।

এসএলসি এই বছর থেকে ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিও বাড়িয়েছে তারা। এছাড়া একটি জোনাল টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছে তারা। তাই খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে চান বার্নাডাস।

“বোর্ড খেলোয়াড়দের ওপর বিনিয়োগ করেছে। তারা যদি আমাদের ঘরোয়া ক্রিকেটে ঠিকভাবে না খেলে তাহলে আমরা কোথায় যাব?”