২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কার জয়

শ্রীলঙ্কা সফরে হেরেই চলেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ও টেস্ট সিরিজের সব ম্যাচ হারা অতিথিরা টি-টোয়েন্টি সিরিজও শুরু করেছে হার দিয়ে। রানের পাহাড় গড়ে সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 12:48 AM

Updated : 25 Apr 2022, 02:07 PM

৩০ রানের এই জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। বুধবার কলম্বোয় হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।

সোমবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২১৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে এক বল বাকি থাকতে ১৮৫ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

আন্দ্রে ফ্লেচারের ২৫ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংসের পরও ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। ফ্লেচারের ইনিংসটি গড়া ৬টি ছক্কা ও তিনটি চারে।

৫১ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন দুই অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ড। কিন্তু ২৪ রান করে ব্রাভো ও ২৬ রান করে পোলার্ড ফিরে গেলে শ্রীলঙ্কার জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

শেষের দিকে সুনিল নারাইন (২৩) পরাজয়ের ব্যবধান কমিয়েছেন কেবল।   

৪৬ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার সচিত্রা সেনানায়েকে। এছাড়া অধিনায়ক লাসিথ মালিঙ্গা ও মিলিন্দা সিরিবর্ধনে দুটি করে উইকেট নেন।

এর আগে ৯১ রানের উদ্বোধনী জুটিতে শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দেন কুশল পেরেরা ও তিলকারত্নে দিলশান। পোলার্ডের বলে কুশল পেরেরা অধিনায়ক ড্যারেন স্যামির হাতে ধরা পড়লে ভাঙে ৯.৪ ওভার স্থায়ী জুটি।

৪০ রান করা কুশল পেরেরার ৩০ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও একটি ছক্কায়। এরপর বেশিক্ষণ টিকেননি অন্য উদ্বোধনী ব্যাটসম্যান দিলশানও। সর্বোচ্চ ৫৬ রান করা এই ডানহাতি ব্যাটসম্যানের ৩৭ বলের ইনিংসটি গড়া ৮টি চারে।

ভালোর শুরুর সুবিধা কাজে লাগাতে ভুল করেননি শিহান জয়াসুরিয়া, দিনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। চান্দিমালের সঙ্গে ৫৪ রানের জুটি উপহার দেওয়া জয়াসুরিয়া ২২ বলে দুটি করে ছক্কা ও চারের সাহায্যে খেলেন ৩৬ রান করেন।

অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৩.৪ ওভারে ৬০ রানের জুটি গড়েন চান্দিমাল ও ম্যাথিউস। শেষের দিকে ঝড় তোলা চান্দিমাল অপরাজিত থাকেন ৪০ রানে। তার ১৯ বলের ইনিংসে রয়েছে ৪টি চার ও দুটি ছক্কা।

১৩ বলে ৩৭ রানে অপরাজিত থাকা ম্যাথিউসের বিস্ফোরক ইনিংসটি চারটি ছক্কা ও দুটি চার সমৃদ্ধ।

ওয়েস্ট ইন্ডিজের পোলার্ড ৪২ রানে নেন দুই উইকেট।