জিম্বাবুয়ের সিকান্দার রাজার শাস্তি
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আউটের পর আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানানোয় শাস্তি পেতে হয়েছে সিকান্দার রাজার। জিম্বাবুয়ের এই ক্রিকেটারের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ইনিংসের ২৬তম ওভারে ৩ রানে মাশরাফি বিন মুর্তজার বলে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হন রাজা।
আম্পায়ার আউট ঘোষণা করার পরও ক্রিজ ছেড়ে যেতে দেরি করেন রাজা। অবিশ্বাসের ভঙ্গিতে মাথা ঝাঁকিয়ে কিছু বলেনও তিনি।
পরে তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার আলিম দার ও শরফুদ্দৌলা, তৃতীয় আম্পায়ার এনামুল হক এবং চতুর্থ আম্পায়ার আনিসুর রহমান।
পরে ম্যাচ রেফারি জাভাগল শ্রিনাথ রাজাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেন।
এই ধরনের ‘লেভেন ওয়ান’ এর আচরণবিধি ভঙ্গের জন্য সর্বোচ্চ জরিমানা ম্যাচ ফির ৫০ শতাংশ।
১৪৫ রানে সেই ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
