বৃষ্টিতে স্বস্তি নিউ জিল্যান্ডের
ব্রিসবেন টেস্টে নিউ জিল্যান্ডের জন্য স্বস্তি হয়ে এসেছে বৃষ্টি। রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে ১৪২ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।
ব্রিসবেনের গ্যাবায় চতুর্থ দিন চা বিরতির পর আর খেলা হয়নি। এর আগেও কয়েক দফা বৃষ্টি হয়।
আগের দিন ৪ উইকেটে ২৬৪ রান করা অস্ট্রেলিয়া রোববার দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করেনি। ৫০৩ রানে এগিয়ে থেকেই ইনিংস ঘোষণা করে তারা।
৫০৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৪ রানে প্রথম উইকেট হারায় নিউ জিল্যান্ড। ৭১ বলে ২৯ রান করে মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন টম ল্যাথাম। দলের ৯৮ রানে ফিরে যান আরেক ওপেনার মার্টিন গাপটিলও। নাথান লায়নের বলে আউট হওয়ার আগে ১৩৩ বলে ২৩ রান করেন তিনি।
নিউ জিল্যান্ডের ভরসা হয়ে তখনও অবশ্য উইকেটে ছিলেন আগের ইনিংসে ১৪০ রান করা কেন উইলিয়ামসন। তবে চা বিরতির আগে লায়ন তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। ৭৪ বলে ৫৯ রান করেন তিনি।
উইলিয়ামসন ফিরে যাওয়ায় নিউ জিল্যান্ডের ম্যাচ বাঁচানোর লড়াই অনেকটাই কঠিন হয়ে পড়ে। তবে চতুর্থ দিনের শেষ সেশনটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় ড্র করার আশা এখনও আছে ব্রেন্ডন ম্যাককালামের দলের। এর জন্য পঞ্চম দিনেও আবহাওয়ার সহায়তা চাই অতিথিদের।
