রানে ফিরে খুশি মুশফিক
বিশ্বকাপে দারুণ ব্যাটিংয়ের পর পাকিস্তানের বিপক্ষেও জ্বলে উঠেছিল মুশফিুকর রহিমের ব্যাট। ভারত-দক্ষিণ আফ্রিকা বিপক্ষে সর্বশেষ দুই সিরিজে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে দলের খুব প্রয়োজনের সময় আবার বুক চিতিয়ে দারুণ এক ইনিংস খেলেছেন মুশফিক।
এর আগে ভারতের বিপক্ষে তিন ইনিংসে মুশফিক ফিরেন ১৪, ৩১, ২৪ রান করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই মেলেনি। প্রথম ওয়ানডেতে করেন ২৪ রান।
জিম্বাবুয়ের বিপক্ষে ১০৭ রানের দারুণ এক ইনিংস খেলে প্রথম ওয়ানডেতে দলের ১৪৫ রানের জয়ে বড় অবদান রাখেন মুশফিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান, আবার রানে ফিরতে পেরে খুবই খুশি তিনি।
“আমার এই বছর খুবই ভালো গেছে। শেষ দুই সিরিজে আমার ওপর যে প্রত্যাশা ছিল কিংবা আমার মান অনুযায়ী রান করতে পারিনি। আজ সেই কাজটা করতে পেরেই ভালো লাগছে। এটাকে রিলিফ বলবো না। এটাকে আত্মবিশ্বাসের অন্য ধরনের একটা লেভেল বলবো।”
নবম ওভারে মুশফিক যখন ক্রিজে আসেন তখন বাংলাদেশ দল চাপে। ৩০ রানের মধ্যে ফিরে গেছেন লিটন দাস ও মাহমুদউল্লাহ। মুশফিক স্বীকার করছেন, সেই সময়ে বড় একটা স্কোর খুব দরকার ছিল। আর সেই ইনিংসটি নিজে খেলতে পেরে দারুণ খুশি তিনি।
“আমার কাছে কখনও মনে হয়নি যে, আমি ছন্দে ছিলাম না। আমার এই বছরটা ভালো গেছে। সেই অনুযায়ী হয়ত আমি বড় স্কোর করতে পারছিলাম না। রানে আবারও ফিরে আসতে পেরেছি বলে খুবই ভালো লাগছে। সবচেয়ে বড় কথা দল জিতেছে; এটার থেকে বড় কিছু আর হতে পারে না।”
মুশফিক জানান, রান পাওয়ার থেকেও তার কাছে সবচেয়ে বড় ব্যাপার প্রক্রিয়াগুলো ঠিক রাখা। এগুলো ঠিক থাকলে শূন্য বা এক-দুই রানে আউট হলেও কোনো আফসোস থাকে না তার।
“এটাই আমার কাছে সবচেয়ে বড় শক্তির জায়গা। এটাই আমি অনুভব করি।”
শনিবার প্রায় সবাইকে যেখানে উইকেটে থিতু হতে সময় নিতে হয়েছে। সেখানে শুরু থেকেই আস্থার সঙ্গে খেলেন মুশফিক।
“আমার ভাগ্য ভালো ছিল। উইকেটে গিয়ে বাজে বল পেয়েছি, সেগুলো ব্যবহার করেছি। শুরুর দিকে যখন আপনি কয়েকটা চার পেয়ে যাবেন তখন স্বাভাবিকভাবেই আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। উইকেট খুব মন্থর ছিল। কিন্তু আমার কখনও মনে হয়নি যে, আমাকে অনেক সময় নিয়ে খেলতে হবে।”
মুশফিক জানান, তার বিশ্বাস ছিল নিজের স্বাভাবিক খেলা খেললেই রান পাবেন তিনি। এছাড়া এদিন ভাগ্যটাও তার সঙ্গে ছিল।
“প্রত্যেক ইনিংসেই কিন্তু সবার একটা লক্ষ্য থাকে। সবাই কিন্তু ভালো খেলতে চায়, বড় ইনিংস খেলতে চায়। আজকেও কিছু পরিস্থিতে বাজে শট খেলেছি; কিন্তু আমি লাকি ছিলাম যে আমি সে সব জায়গা থেকে বের হয়ে আসতে পেরেছি।”
