সাকিব-তামিম-মুশফিকের কাছে মাশরাফির প্রত্যাশা
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে মাশরাফি বিন মুর্তজা জানিয়েছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ওপর নির্ভর করার কথা। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন তারা। একজন করেছেন শতক, অন্যজন নিয়েছেন পাঁচ উইকেট। দুইয়ের যোগ ফলে ১৪৫ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি জানান, দলের বিপদের সময় অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে এরকম পারফরম্যান্সই আশা করেন তিনি।
প্রথম ওয়ানডেতে সাকিব-মুশফিকের অবদান প্রসঙ্গে মাশরাফি বলেন, “এটা তো স্বাভাবিক। ক্যারিয়ারের শুরু থেকেই তারা বাংলাদেশের জন্য অবদান রেখে আসছে। এখন তারা অনেক পরিণত। অনেকদিন খেলছে। কঠিন সময়ে অভিজ্ঞ খেলোয়াড়রের কাছ থেকে সেরা পারফরম্যান্সটাই আশা করবেন।”
সাকিব-মুশফিকের সঙ্গে একই জায়গায় তামিম ইকবালকেও রাখছেন অধিনায়ক।
“আমি অবশ্যই আশা রাখি, সাকিব-তামিম-মুশফিক তাদের সেরাটা দিবে, যখন দলের প্রয়োজন হবে।”
সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের সঙ্গে খেলে তরুণরা পরিণত হোক এটাই চাওয়া মাশরাফির।
“তরুণ খেলোয়াড়দের এখন পরিণত হওয়ার সময়। তারা উপভোগ করবে মাঠে, আমি এটাই চাই। তারা এই ধরনের পরিস্থিতি কিভাবে ব্যাটিং করতে হবে কিভাবে বোলিং করতে হবে এগুলো শিখবে অভিজ্ঞদের কাছ থেকে।”
“আমি সব সময় বিশ্বাস করি, অভিজ্ঞ খেলোয়াড়রা যখন সামনে থেকে পারফরম্যান্স করে তখন জিততে খুব সুবিধা হয়,” যোগ করেন অনুপ্রেরণাদায়ী অধিনায়ক মাশরাফি।
