নিবেদনের পুরস্কার মুশফিকের শতক
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রান পেয়েছিলেন মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডেতে মন্থর উইকেটে করলেন দারুণ এক শতক। ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শতকের মালিক এখন মুশফিক।
টাউরাই মুজুরাবানির শর্ট অব লেংথ বলটিতে অন সাইডে ঘুরিয়েই দু হাত উঁচিয়ে ধরলেন মুশফিকুর রহিম। রানটি পূর্ণ করার উদযাপন দীর্ঘায়িত হলো আরও। দর্শকের অভিনন্দনের জবাব দেওয়া, উইকেটে সঙ্গী সাব্বির রহমানের আলিঙ্গনে জড়ানো! মুশফিকের ব্যাট থেকে আরও একটি শতক!
গ্যালারিতে দর্শকের তুমুল উল্লাসে সামিল তখন মুশফিকের বাবা-মাও। দেশের মাটিতে বাংলাদেশের ম্যাচ মানেই গ্যালারিতে নিয়মিত উপস্থিতি মাহবুব হামিদের। শনিবার গ্যালারিতে বাবার সঙ্গে ছিলেন মুশফিকের মা।
মুশফিক আরও একবার মনে করিয়ে দিলেন, পরিশ্রম আর নিবেদন বিফলে যায় খুব কম সময়ই। জাতীয় দলের অপরিহার্য সদস্য হয়েও দুদিন আগে মুশফিক খেলেছিলেন প্রস্তুতি ম্যাচ!
প্রস্তুতি ম্যাচে ডেঙ্গু কাটিয়ে ফেরা মাশরাফি বিন মুর্তজার খেলাটা অনেকটা প্রত্যাশিতই ছিল। কিন্তু ওই ম্যাচের দলে মুশফিকের নাম ছিল বিস্ময় জাগানিয়া। চোট থেকে ফেরার ব্যাপার ছিল না তার, ম্যাচ অনুশীলনেরও ঘাটতি খুব একটা ছিল না। জাতীয় লিগে খেলেছিলেন চারটি ম্যাচ।
সেই ম্যাচে চারে নেমে শেষ পর্যন্ত উইকেটে থেকে ৮৪ বলে করেছিলেন অপরাজিত ৮১। এমন প্রস্তুতির পর মূল মঞ্চে আলো ছড়ানোরই কথা! মুশফিকের দুর্দান্ত এক শতকেই শুরু হলো জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ।
ভালো করতে হলে সবাইকেই প্রস্তুতি ম্যাচ খেলতে হবে, ব্যাপারটি এমন নয় অবশ্যই। তবে মুশফিক আরও একবার বুঝিয়ে দিলেন নিজের ধরন। আসল লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত রাখায় সম্ভব সেরা সুযোগটি দিতে চেয়েছেন নিজেকে। প্রস্তুতি নিয়ে বিন্দুমাত্র সংশয় রাখতে চাননি নিজের ভেতর। তার নিবেদন-পরিশ্রম বাংলাদেশের ক্রিকেটে উদাহরণযোগ্য সব সময়ই। নিজেকে আলাদা করে তুললেন আরও একবার।
ওয়ানডেতে মুশফিকের এটি চতুর্থ শতক। স্পর্শ করলেন তিনি শাহরিয়ার নাফীসকে। বাংলাদেশের হয়ে এই দুজনের চেয়ে বেশি শতক আছে কেবল তামিম ইকবাল ও সাকিব আল হাসানের, ৬টি করে।
গ্যালারিতে ছিলেন বাবা-মা। তবে মুশফিকের শতকটি আরও বেশি ‘স্পেশাল’ ম্যাচের প্রেক্ষাপটেও। যখন উইকেটে গিয়েছিলেন, ৩০ রানে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা চাপে। উইকেটও ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না। মন্থর উইকেটে বল ব্যাটে আসছিল কিছুটা থেমে। উইকেটে জমে যাওয়ার পরও প্রায়ই টাইমিং খুঁজে পেতে হিমশিম খাচ্ছিলেন তামিম।
ইনিংসটির পথে বাংলাদেশর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ছুঁয়েছেন ৭ হাজার রান। ৮ হাজার ৪৭৩ রান নিয়ে শীর্ষে তামিম, ৮ হাজার ৬৪ রান নিয়ে দুইয়ে সাকিব।
শেষ পর্যন্ত ৯ চার ও ১ ছক্কায় ১০৭ রানে রান আউট মুশফিক। তবে শঙ্কায় থাকা দলকে ততক্ষণে নিয়ে গেছেন আড়াইশ' রানের কাছাকাছি।
মন্থর উইকেটে মুশফিকের ইনিংসটিই শেষ পর্যন্ত হয়ে যেতে পারে ম্যাচের ভাগ্য গড়ার নিয়ামক।
