স্পিনারদের দাপটে ভারতের জয়
স্লো আর টার্নিং উইকেটে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের ঘূর্ণি-পাকেই ফেলেন ভারতের তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অমিত মিশ্র। তাদের দাপটে দুই দিন হাতে রেখে প্রথম টেস্টে সফরকারীদের ১০৮ রানে হারায় স্বাগতিকরা।
মোহালিতে শনিবার ম্যাচের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার জয়ের লক্ষ্য ছিল ২১৮ রান। কিন্তু মাত্র ৩৯.৫ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায় হাশিম আমলার দল।
রানের দিকে তাকালে লক্ষ্যটা অনেকের কাছেই হয়ত বড় মনে হবে না। কিন্তু মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের উইকেটে ব্যাট করাও অতটা সহজ ছিল না। উইকেটে গতি এতটাই কম ছিল যে, ব্যাটসম্যানরা ঠিকভাবে টাইমিংই করতে পারছিলেন না।
লক্ষ্য তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকা ১০ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই খেই হারিয়ে ফেলে।
ভার্নন ফিল্যান্ডারকে ইনিংস উদ্বোধন করতে পাঠানো হয় এই ইনিংসে। মাত্র দুই বল টেকেন তিনি। অধিনায়ক আমলা সোজা একটি বল ছেড়ে দিয়ে বোল্ড হয়ে যান। টার্নিং উইকেটে বিপজ্জনক বোলারের তকমাটা সার্থক করে উইকেট দুটি নেন জাদেজা।
নতুন বলে অশ্বিনের একটি অফব্রেককে একটু বেশিই সমীহ করে ফেলেছিলেন ফাফ দু প্লেসি। রাউন্ড দ্য উইকেটে করা অশ্বিনের বলটিকে নিখাদ অফব্রেক ভেবেছিলেন তিনি। কিন্তু তার ভাবনা অনুযায়ী বল অতটা ঘোরেনি। ফল হিসেবে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।
অসাধারণ ফুটওয়ার্কে ভর করে এবি ডি ভিলিয়ার্স ভালোই খেলছিলেন। ডিন এলগারকে সঙ্গে নিয়ে প্রতিরোধও পড়ে তোলেন তিনি। কিন্তু পথের কাঁটা সরান মিশ্র। প্রথম ইনিংসেও ডি ভিলিয়ার্সকে আউট করেছিলেন এই লেগস্পিনার।
ডি ভিলিয়ার্সের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৩২ রান। এর পর আসলে জয়ের আশাই শেষ হয়ে যায় সফরকারীদের।
পরের উইকেটটি নেন পেসার বরুন অ্যারন। এর পর ভারতের স্পিনারা একে একে তুলে নেন ডেন ভিলাস, সাইমন হার্মার, ফন জিল, ডেল স্টেইন ও ইমরান তাহিরকে। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ ৩৬ রান করেন ফন জিল।
২১ রানে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতের সফলতম বোলার জাদেজা। প্রথম ইনিংসে ৩ উইকেট পান তিনি। ম্যাচ সেরার পুরস্কার জিতে আবার টেস্ট দলে ফেরাটা স্মরণীয় করে রাখলেন জাদেজা। এই ইনিংসে ৩ উইকেট পাওয়া অশ্বিন প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট।
ম্যাচে দক্ষিণ আফ্রিকার ২০টি উইকেটের ১৯টিই নেন ভারতের স্পিনাররা। অশ্বিন ও জাদেজা ৮টি করে আর মিশ্র ৩টি।
দাপট দেখান দক্ষিণ আফ্রিকার স্পিনাররাও। দুই ইনিংস মিলিয়ে ১৬ উইকেট নেন ইমরান তাহির, এলগার, হার্মাররা।
তৃতীয় দিনের শুরুতে ধস নেমেছিল ভারতের ইনিংসেও। ২ উইকেটে ১২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা ভারত অলআউট হয় ২০০ রানে।
দিনের শুরুটা ভালো করলেও হঠাৎই ধস নামে স্বাগতিকদের ইনিংসে। অনিয়মিত বোলার ফন জিল ভারত অধিনায়ক কোহলিকে ফেরানোর পর যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ইনিংস। আগের দিনের করা ১১ রান নিয়ে ব্যাট করতে নামা কোহলি আউট হন ২৯ রান করে। ভারতের রান তখন ১৬১।
শেষ ৮ টি উইকেট ৩৯ রানে হারায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন পুজারা।
৪টি করে উইকেট নেন অফস্পিনার সাইমন হার্মার ও লেগস্পিনার ইমরান তাহির।
