২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েকে হোয়াইওয়াশ করল ‘এ’ দল

রনি তালুকদার, মোহাম্মদ মিঠুনের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের পর মোহাম্মদ শহীদের দারুণ বোলিংয়ে তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের ‘এ’ দলকে হোয়াইটওয়াশও করল শুভাগত হোমের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 05:57 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে ‘এ’ দলের জয়টি ১২২ রানের। আগের দুই ওয়ানডেতে ১৩৮ ও ৩৬ রানে জিতেছিল অতিথিরা।

শুক্রবার টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ২৮৬ রান করে বাংলাদেশ ‘এ’ দল। জিম্বাবুয়ে সফরে প্রথমবারের মতো ব্যাট হাতে জ্বলে ওঠা রনি ৭৭ আর মিঠুন ৬০ রানের ইনিংস খেলেন।

জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্যে নামা জিম্বাবুয়েকে ১৬৪ রানে গুটিয়ে দিতে শহীদ তিনটি, শুভাগত ও মাহমুদুল হাসান দুটি করে উইকেট নেন।

ব্যাটিংয়ের শুরুতে সাদমান ইসলামের সঙ্গে ৯০ রানের জুটিতে অতিথিদের ভালো সূচনা এনে দেন রনি। ৬৭ বলে ২৯ রান করে সাদমান ফিরে গেলে ভাঙে তাদের ২০.৪ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি।

দ্বিতীয় উইকেটে রানের গতি বাড়ানোর দিকে মনোযোগ দেন রনি ও মিঠুন। ৮.৫ ওভারে ৫৭ রানের ভালো একটি জুটি উপহার দেন এই দুই জনে। গডউইল মামহিয়োর বলে রনি বোল্ড হলে ভাঙে বিপজ্জনক হয়ে উঠা এই জুটি।

প্রথম দুই ম্যাচে ৪ ও ১৬ রানের দুটি ইনিংস খেলা রনি এবার খেলেছন ৭৭ রানের চমৎকার একটি ইনিংস। ৮২ বলে খেলা তার এই ইনিংসটি সাজানো ৬টি চার ও ৩টি ছক্কায়।

অধিনায়ক শুভাগত এসে ব্যাটিং করেন টি-টোয়েন্টি মেজাজে। ১৩ বলে পাঁচটি চার হাঁকিয়ে ২১ রান করে ফিরে যান তিনি। শতরান দিয়ে জিম্বাবুয়ে সিরিজ শুরু করা মিঠুন দ্বিতীয় ম্যাচে করেছিলেন ৬৬ রান। এবার ৬৪ বলে ৬০ রানের আরেকটি চমৎকার ইনিংস খেলেন তিনি।

শেষের দিকে মাহমুদুল (৩১), মোসাদ্দেক হোসেন (২১) ও মুক্তার আলীর (৯ বলে অপরাজিত ২০) তিনটি ইনিংসে তিনশ’ রানের কাছাকাছি যায় বাংলাদেশের সংগ্রহ।

৬১ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার ট্রেভর গারউই।

২৬ রানে উদ্বোধনী জুটির ভাঙনের পর একটু একটু করে পথ হারাতে থাকে জিম্বাবুয়ে। ব্রায়ান চ্যারিকে (১২) উইকেটের পেছনে নুরুল হাসানের ক্যাচে পরিণত করে উদ্বোধনী জুটি ভাঙেন দেওয়ান সাব্বির।

দলীয় রান ৪০ থাকতেই শহীদ দ্রুত পিটার মুর (৭) ও প্রিন্সকে (০) ফেরালে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। চতুর্থ উইকেট জুটিতে কেভিন কাসুজা ও রায়ান প্রতিরোধ গড়লেও বেশি দূর এগুতে পারেননি। কাসুজাকে (৪৩) মুক্তার আলির ক্যাচে পরিণত করে ৫৩ রান তোলা এই জুটিকে আটকে দেন তাইজুল ইসলাম।

এরপর শুভাগত ও শহীদের স্পিন আক্রমণ শুরু হলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। গডউইল অপরাজিত ৩৬ রান করলেও ৪১.৩ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।