২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ওয়ানডেতে ইউনুস খান!

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 11:28 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সবচেয়ে বেশি রান ও শতকের রেকর্ড ইউনুসের। ওয়ানডে দল থেকে সবচেয়ে বেশি বার বাদ পড়া ও ফেরার রেকর্ডটিও হয়ত গড়ে ফেলেছেন তিনি! অতীতের বেশ কয়েক বারের মতো গত বিশ্বকাপের পর আরও একবার লিখে ফেলা হয়েছিল তার ওয়ানডে ক্যারিয়ারের এপিটাফ। কিন্তু ঠিকই আবার দলে ফিরলেন এ মাসেই ৩৮ পূর্ণ করতে যাওয়া এই ব্যাটসম্যান।

চোট পাওয়া হারিস সোহেলের বদলে ফিরেছেন ২৬৪ ওয়ানডে খেলা ইউনুস। দলে একমাত্র নতুন মুখ জাফর গোহার। চোট পাওয়া অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের জায়গা নিয়েছেন ২০ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।

ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর গত বছর সেপ্টেম্বরে পিসিবিকে চ্যালেঞ্জ করেছিলেন ইউনুস, তাকে ছাড়া দল গড়তে। তাতে কাজ হয়েছিল। নভেম্বরে ফিরেছিলেন ওয়ানডে দলে। ডিসেম্বরে শতকও করেছিলেন নিউ জিল্যান্ডের বিপক্ষে। কিন্তু বিশ্বকাপে ৩ ম্যাচে ৪৩ করার পর জায়গা হারান একাদশে। বিশ্বকাপের পর বাদ পড়েন স্কোয়াড থেকেই।

কিন্তু লড়াকু এই ব্যাটসম্যানের ক্যারিয়ারে যেন শেষ বলে কিছু নেই। ক্যারিয়ার সায়াহ্নে আবার তাই নতুন শুরু!

৪ ওয়ানডের সিরিজ শুরু হবে আগামী বুধবার।

পাকিস্তান দল: আজহার আলি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, ইউনুস খান, শোয়েব মালিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, আনোয়ার আলি, আমির ইয়ামিন, ইয়াসির শাহ, জাফর গোহার, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইরফান, বিলাল আসিফ।