২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সুযোগ হারাতে চান না ইমরুল

বিশ্বকাপে সুযোগ পেয়ে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি ইমরুল কায়েস। সৌম্য সরকারের চোটে আবার ওয়ানডে দলে ডাক পাওয়ার পর সুযোগটা কাজে লাগাতে উন্মুখ হয়ে আছেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 07:13 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

পাঁজরের ব্যথায় জিম্বাবুয়ের বিপক্ষে এবার খেলাই হবে না সৌম্যর। তার জায়গায় প্রথম দুই ওয়ানডের দলে আসা ইমরুল বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেন ৫৬ রানের চমৎকার এক ইনিংস।
 
ম্যাচ শেষে সাংবাদিকদের ইমরুল জানান, এই ম্যাচে ভালো খেলে দলে চলে আসবেন এমন কোনো ভাবনা তার ছিল না।
 
“বিশ্বকাপের পর থেকে আমি ওয়ানডে দলে নাই। তাই চেষ্টা করেছি ওয়ানডেতে উন্নতি করার জন্য। যেসব জায়গায় ঘাটতি ছিল সে সব নিয়ে কাজ করেছি। আমার এখন ব্যাটিং ভালো হচ্ছে। আশা করছি, এভাবে যদি ব্যাটিং করতে পারি তাহলে আরও সফলতা পাব।” 
 
আবার ওয়ানডে দলে ফেরাটাকে নিজের জন্য বড় একটা সুযোগ হিসেবে দেখছেন ইমরুল।
 
“বিশ্বকাপের পর ওয়ানডেতে খেলার কোনো সুযোগ হয়নি। জাতীয় লিগ থেকে শুরু করে এখন পর্যন্ত ভালো একটা টাচে আছি। আশা করছি, এখান থেকে ভালো কিছু করতে পারব।”  
 
সর্বশেষ বিশ্বকাপে দেশের হয়ে শেষ ওয়ানডে খেলেন ইমরুল। ওয়ানডের সবচেয়ে বড় আসরে তিন ম্যাচ খেলে ৯ রান করেন তিনি।
 
ইমরুল জানান, বিশ্বকাপ থেকে ফিরে ব্যাটিং নিয়ে প্রচুর কাজ করে নিজেকে ওয়ানডের জন্য প্রস্তুত করেছেন তিনি।
 
“বিশ্বকাপে বাউন্সারে সমস্যা অনুভব করেছি। আমি ব্যাটিংয়ে টেকনিকে একটু পরিবর্তন এনেছি। এখন একটু স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারছি। যার কারণে জাতীয় লিগ এবং আজকের ম্যাচেও সহজেই ব্যাটিং করতে পেরেছি।”
 
ওয়ানডেতে নিজের জায়গার জন্য লড়াই করতে হলেও টেস্ট দলে এখন নিয়মিত ইমরুল। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতে কাজে লাগাতে চান তিনি।