২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাপুটে জয়ে সিরিজ পাকিস্তানের

সিরিজে সমতা ফেরাতে হলে এশিয়ায় নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হতো ইংল্যান্ডকে। কিন্তু অধিনায়ক অ্যালেস্টার কুক ছাড়া আর কেউ খুব একটা ভালো করতে না পারায় তার ধারে কাছেও যেতে পারেনি তারা। স্পিনারদের দাপটে শারজাহ টেস্টের শেষ দিনে ইংল্যান্ডকে ১২৭ রানে হারিয়েছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 04:51 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে আইসিসি টেস্টে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে এসেছে পাকিস্তান।

বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ৪৬ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। জয়ের জন্য শেষ দিন আরও ২৩৮ রান প্রয়োজন ছিল তাদের।

দিনের শুরুতেই ইংল্যান্ডের আশা গুঁড়িয়ে দেন দুই স্পিনার ইয়াসির শাহ ও জুলফিকার বাবর। এদিন দ্বিতীয় ওভারেই ছন্দে থাকা জো রুটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন লেগ স্পিনার ইয়াসির।

প্রথম ইনিংসে প্রতিরোধ গড়া জেমস টেইলর এবার ভালো করতে পারেননি। দুই রান করে বাঁহাতি স্পিনার বাবরের বলে স্লিপে ইউনুস খানের তালুবন্দি হন তিনি।

মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও সমিত প্যাটেল ফেরেন শূন্য রানে। বেয়ারস্টোকে ইয়াসির ও প্যাটেলকে বাবর এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। শেষ দিনের প্রথম আধ ঘণ্টার মধ্যেই জয়ের পথে অনেক দূর এগিয়ে যায় পাকিস্তান।

৫৯ রানে ৬ উইকেট হারানো ইংল্যান্ড তাকিয়ে ছিল অধিনায়কের দিকে। আদিল রশিদের সঙ্গে ৪৯ রানের জুটিতে প্রতিরোধও গড়েন তিনি। প্রথম সেশনের শেষ দিকে রশিদকে বোল্ড করে সেই প্রতিরোধ ভাঙেন রাহাত আলি।

দ্বিতীয় সেশনের শুরুতেই স্টুয়ার্ট ব্রডকে হারায় ইংল্যান্ড। ইয়াসিরের বলে শোয়েব মালিকের তালুবন্দি হন তিনি। এরপর বেশিক্ষণ টেকেননি কুকও (৬৩)। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা শোয়েবের বলে স্টাম্পড হয়ে ফিরে যান এই বাঁহাতি ব্যাটসম্যান।

অধিনায়কের বিদায়ের পর বেশি দূর এগোয়নি ইংল্যান্ডের ইনিংস। ইয়াসিরের বলে বেন স্টোকস স্টাম্পড হলে দারুণ এক জয় পায় পাকিস্তান।

৪৪ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার ইয়াসির। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে না পারা এই লেগ স্পিনার শেষ দুই টেস্টে দলের জয়ে দারুণ অবদান রাখেন। ২১.৫৩ গড়ে ১৫ উইকেট নিয়ে তিনিই সিরিজের সেরা খেলোয়াড়।

জীবনের শেষ টেস্টে এসে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন শোয়েব। ইনিংস ও ম্যাচে সেরা বোলিং দুটোই করেছেন এবার। প্রথম ইনিংসে ৩৩ রানে ৪ উইকেট নেওয়ার পর এই স্পিনার দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন ২৬ রানে। এই প্রথম কোনো টেস্টে ৪ উইকেটের বেশি পেলেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ১৫১ রানের চমৎকার ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।