মাশরাফিদের সতর্কবার্তা দিল প্রস্তুতি ম্যাচ
প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে বাংলাদেশকে সতর্ক করে দিল জিম্বাবুয়ে। বৃহস্পতিবার ফতুল্লায় বিসিবি একাদশকে তারা হারিয়েছে ৭ উইকেটে।
ব্যাটিং উইকেটে দুই দলের ব্যাটসম্যানরাই সেরে নিয়েছেন ব্যাটিং অনুশীলন। বিসিবি একাদশের ২৭৭ রান জিম্বাবুয়ে পেরিয়ে গেছে অনায়াসেই।
দল হারলেও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুশীলন একদম খারাপ হয়নি। উইকেট না পেলেও দুই স্পেলে ৭ ওভার বোলিং করেছেন মাশরাফি। নতুন বলে ৪ ওভারে দিয়েছিলেন ১৬ রান, পরের স্পেলে ৩ ওভারে ১৫।
বাংলাদেশের হয়ে প্রস্তুতিটা সবচেয়ে ভালো হয়েছে মুশফিকুর রহিমের। যে কারণে এই ম্যাচে খেলেছেন, সেই ব্যাটিং অনুশীলন প্রায় ষোলো আনা সেরে নিয়েছেন মুশফিক। ৮৪ বলে অপরাজিত ৮১ রানের দারুণ ইনিংস খেলেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
অর্ধশতক করেছেন বাংলাদেশের ওয়ানডে দল থেকে ছিটকে পড়া দুই ওপেনার এনামুল হক ও ইমরুল কায়েসও। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে আগ্রহের কেন্দ্রে থাকা শাহরিয়ার নাফীস আউট হয়েছেন ৩৮ রান করে।
তবে প্রস্তুতি খুব একটা ভালো হয়নি ওয়ানডে দলে থাকা দুই ব্যাটসম্যান লিটন দাস ও সাব্বির রহমানের। ২৫ রান করেছেন লিটন, সাব্বির ৩।
টস হেরে ব্যাটিংয়ে নামা বিসিবি একাদশকে দারুণ সূচনা এনে দেন ইমরুল ও এনামুল। প্রথম বলে চার মেরে শুরু করেছিলেন ইমরুল; ইনিংসের প্রথম ছক্কাও আসে তার ব্যাট থেকেই।
শুরুতে রানের চাকাটা সচল রেখেছিলেন ইমরুলই। আর যথারীতি শুরুতে সময় নিয়েছেন এনামুল। ১০ ওভারের পর থেকে হাত খোলেন এনামুলও। বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজার এক ওভারেই দুজন মারেন দুটি ছক্কা।
পরের বলেই ব্যাটের কানা ছোঁয়া বাউন্ডারিতে এনামুল ছুঁয়ে ফেলেন অর্ধশতক। খানিক পর তিনিও অনুসরণ করেন ইমরুলকে। ক্রেমারকেই বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হন ৫২ রানে।
তিনে নামা লিটনের শুরুটা ছিল সম্ভাবনা জাগানিয়া। পানিয়াঙ্গারাকে সোজা ব্যাটে ছক্কা মারার পর হাঁটু গেড়ে মিড উইকেট দিয়ে উড়িয়ছেন ক্রেমারকে। কিন্তু পরের বলে আবার স্লগ সুইপ খেলতে গিয়ে উইকেট উপহার দিয়ে এসেছেন সেই ক্রেমারকেই (২৩ বলে ২৫)।
খানিক পর সাব্বিরও উইকেট উপহার দিয়ে ফিরলে উইকেটে আসেন শাহরিয়ার নাফীস। খানিকটা চাপে পড়ে যাওয়া বিসিবি একাদশকে উদ্ধার করে মুশফিক ও শাহরিয়ারের জুটি। পঞ্চম উইকেটে ৭৮ বলে ৯০ রানের জুটি গড়েন জাতীয় দলে এক সময়ের দুই সতীর্থ।
বাঁহাতি স্পিনার টেন্ডাই চিসোরোকে সোজা ব্যাটে চার মেরে শুরু করেছিলেন শাহরিয়ার। অনভ্যস্ত পজিশন ছয় নম্বরে নেমে চেষ্টা করেছেন পরিস্থিতির দাবি মেটানোর। ডাউন দা উইকেটে এসে লং অনের ওপর দিয়ে উড়িয়েছেন এল্টন চিগুম্বুরাকে। শেষ পর্যন্ত আউট হয়েছেন প্রিয় শটে; মিডিয়াম পেসার লুক জঙ্গুয়েকে ফ্লিক করতে গিয়ে বল তুলে দেন আকাশে (৩৮ বলে ৩৮)।
বাকি পথটুকু বলতে গেলে একটাই টেনেছেন মুশফিক। আরেক পাশ থেকে যোগ্য সহায়তা পাননি বলে শেষ ১০ ওভারে রান এসেছে মাত্র ৬৪। মাশরাফি বিন মুর্তজা ব্যাটিংয়ে নামলেও রানআউট হয়েছেন ২ বল খেলেই। ৫ চার ও ২ ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন মুশফিক।বা
ব্যাটিং-বোলিং ১১ জন হলেও প্রস্তুতি ম্যাচে খেলেছেন প্রতি দলে ১৩ জন। জিম্বাবুয়ের হয়ে বোলিং করেছেন ১০ জন। ৫ ওভার করে বোলিং করে ক্রেমার ও জঙ্গুয়ে নিয়েছেন ৩ টি করে উইকেট।
রান তাড়ায় জিম্বাবুয়ে শুরুতেই হারায় রিচমন্ড মুতুম্বামিকে, শফিউলের বাড়তি বাউন্সে পয়েন্টে ক্যাচ নেন সাব্বির। ৩৩ রান করা চিবাবাকে ফেরানোয়ও বড় অবদান ছিল শফিউলের। সানজামুলের বলে মিড অন থেকে লং অনের দিকে অনেকটা দৌড়ে ডাইভিং ক্যাচ নেন শফিউল।
তবে তৃতীয় উইকেটে ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামসের ১৬২ রানের জুটিতেই জয়ের পথে অনেকটা এগিয়ে যায় জিম্বাবুয়ে। ৫৪ রান করে উইলিয়ামস স্বেচ্ছ্বায় অবসর নেন সতীর্থদের সুযোগ দিতে।
জিম্বাবুয়ে জিতে যায় ২০ বল আগেই। ২ উইকেট নিলেও ১০ ওভারে ৭০ রান গুণেছেন সানজামুল। ওয়ানডে দলে থাকা জুবায়ের হোসেন ৪ ওভারে দিয়েছেন ৩৪।
শনিবার তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে মুখোমুখি হবে জিম্বাবুয়ে-বাংলাদেশ।
