২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি

নিজেদের প্রথম বিপিএল অভিযানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক করেছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 07:45 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

আইকন ক্রিকেটারদের ‘প্লেয়ার্স বাই চয়েজ’-এ লিটারিতে দ্বিতীয় দল হিসেবে সুযোগ পেয়ে কুমিল্লা ডেকে নিয়েছিল মাশরাফিকে। জাতীয় দলের অনুপ্রেরণাদায়ী অধিনায়কের কাধে কুমিল্লার ভার তুলে দেওয়া ছিল একরকম নিশ্চিতই।

বাকি ছিল আনুষ্ঠানিকতা। সারা হয়ে গেলো সেটাও। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে হয়ে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই অধিনায়ক হিসেবে মাশরাফির নাম ঘোষণা করলেন ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান নাফিসা কামাল।

বিপিএলের আগের দুটি আসরেই চ্যাম্পিয়ন ছিলেন মাশরাফি। তার নেতৃত্বেই টানা দুবার শিরোপা জিতে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটসর। এবার তিনি হ্যাটট্রিক অভিযানে নামবেন প্রথমবার অংশ নিতে যাওয়া দল নিয়ে।

পরিচয় করিয়ে দেওয়া হয় দলটির কোচ, জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ম্যানেজার, সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাসুদকে। অধিনায়ক মাশরাফিসহ তখন মঞ্চে ছিলেন দলটির ক্রিকেটার লিটন দাস, কামরুল ইসলাম রাব্বি, নাঈম জুনিয়র, আবু হায়দার রনি, ধীমান ঘোষরা।

সুইচ টিপে লোগো উন্মোচন করেন ফ্র্যাঞ্চাইজির প্রধান উপদেষ্টা, বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় চলচ্চিত্র তারকা অনন্ত জলিল ও বর্ষাকে।