২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরিয়ার নাফীসের ‘আনন্দময়’ দিন

এবারের জাতীয় লিগের শেষ দিনটি শাহরিয়ার নাফীসের জন্য ভরে উঠেছে অনেক প্রাপ্তির আনন্দে। বাঁহাতি ওপেনার নিজে বলছেন, এটি তার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম আনন্দময় দিন!  

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 09:10 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

‘কোনটির জন্য আগে ধন্যবাদ জানাব?’ ফোনের এ পাশ থেকে এটি বলতেই হেসে উঠলেন শাহরিয়ার নাফীস। কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তার প্রতি, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আজ খুব ভালো একটি দিন আমার জন্য।”

‘খুব ভালো’ দিন বললে আসলে কমই বলা হয়। একটু আগেই অপরাজিত ১৭৪ রানের এক ইনিংস খেলে এসেছেন। চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়ে ও বোনাস পয়েন্টসহ ড্র করে জাতীয় লিগের প্রথম স্তরে উঠে এসেছে বরিশাল।

এই ম্যাচের প্রথম ইনিংসেও শাহরিয়ার করেছিলেন ১৬৮ রান। জাতীয় লিগ এক ম্যাচে জোড়া শতক দেখল এই নিয়ে মাত্র অষ্টমবার। আর দুই ইনিংসেই দেড়শ ছোঁয়া ইনিংস খেলার কীর্তি শাহরিয়ারেই প্রথম!

এই দুই শতকে রানের তালিকায়ও শাহরিয়ার ছাড়িয়ে গেছেন সবাইকে। এবারের জাতীয় লিগে সবচেয়ে বেশি রান এই বাঁহাতি ওপেনারের (৭১৫), দুইয়ে থাকা শামসুর রহমান (৫৭৮) অনেকটাই পেছনে।

লিগে সবচেয়ে বেশি রান, জোড়া দেড়শর প্রথম কীর্তি, দলের উন্নতি…এতসব প্রাপ্তির উদ্‌যাপন যখন করছেন, শাহরিয়ার ফোন পেলেন তার কোচ ও বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীনের। কোচের ফোনে জানতে পারলেন, সুযোগ পেয়েছেন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে। শাহরিয়ারের দিনটি যেন পূর্ণতা পেল।

তার উচ্ছ্বাসটা ধরা পড়ল ফোনেও।

“সত্যিই অনেক পাওয়ার দিন আজ। খুব ভালো লাগছে। জাতীয় লিগের পারফরম্যান্সের পর প্রস্তুতি ম্যাচে থাকার সুখবরটাও পেলাম। খুবই বর্ণময় দিন আমার জন্য। আমার ক্রিকেট জীবনের অন্যতম একটি আনন্দময় দিন বলতে পারেন।”

সবার ওপরে বরিশালের সাফল্য

ব্যক্তিগত প্রাপ্তির ঝুলি অনেক সমৃদ্ধ, তবে শাহরিয়ারের কাছে বরিশালের সাফল্যের পাল্লাই বেশি ভারী। এবার লিগ শুরুর আগে খুব বড় করে দেখা হয়নি তাদের সম্ভাবনা। সেই দলই কিনা দ্বিতীয় স্তরের শীর্ষে থেকে উঠে গেল পরের বছরের প্রথম স্তরে! লিগ জুড়ে কঠিন লড়াইয়ের পর শেষ পর্যন্ত শেষ দিনে এগিয়ে থাকল জাতীয় লিগের সফলতম দল রাজশাহীর চেয়ে।

নিজের সব সাফল্যের চেয়ে দলের সাফল্যের আনন্দ শাহরিয়ারের কাছে অনেক বেশি।

“দলের সাফল্যের তুলনায় ব্যক্তিগত অর্জন কিছুই না। দলের জন্যই আমরা খেলি। আর সবচেয়ে বড় কথা, আমাদের অনেক কিছু প্রমাণ করার ছিল। জাতীয় লিগে বরিশালকে নিয়ে সবসময়ই অনেক সমালোচনা হয়েছে। দেখিয়ে দেওয়ার জেদ ছিল। আল্লাহর রহমতে আমরা সেটা পেরেছি।”

এই সাফল্যে বড় অবদান ছিল তারও। তবে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার কৃতিত্ব দিলেন তরুণদের।

“জাতীয় ক্রিকেটার বলতে বরিশালে আমি আর সোহাগ গাজীই খেলেছি। কিন্তু তরুণরা খুব ভালো করেছে। ফজলে রাব্বি, আল আমিন, সালমান, তৌহিদুল, প্রয়োজনের সময় কেউ না কেউ ঠিকই ভালো করেছে। আমাদের টিম স্পিরিটও ছিল দারুণ। ক্রিকেটার, কর্মকর্তা, সবাই একতাবদ্ধ হয়ে চেয়েছি শীর্ষে থাকতে। সেটার ফল পেয়েছি।”

ব্যাট হাতে শেষের তৃপ্তি

গত মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৪.২৩ গড়ে ১ হাজার ৯২ রান করেছিলেন শাহরিয়ার। ব্যাটে রান ছিল এবারও, কিন্তু ছিল না বড় ইনিংস। প্রথম ৫ ম্যাচে চারবার পঞ্চাশ ছুঁলেও দেখা পাচ্ছিলেন না তিন অঙ্কের। সেই খেদ মেটালেন এক ম্যাচেই দুটি শতক করে।

“ফিফটির পর আউট হয়ে যাচ্ছিলাম। খুব করে চাইছিলাম বড় ইনিংস খেলতে। দলের জন্যও প্রয়োজন ছিল সেঞ্চুরি। ভালো লাগছে, একই ম্যাচে দুটি সেঞ্চুরি করতে পারলাম। সবচেয়ে ভালো লাগছে দলের প্রথম স্তরে ওঠার ম্যাচে রান করতে পারলাম বলে।”

এবারের লিগে যে সবচেয়ে বেশি রানও তার, এটাও জানা ছিল শাহরিয়ারের।

“এটাও অনেক ভালো লাগার ব্যাপার। ফর্ম-ফিটনেস ধরে রাখতে পরিশ্রম করেছি অনেক। আমার কোচ ফাহিম স্যারের (নাজমুল আবেদীন) প্রতি কৃতজ্ঞতা, শুধু এবার নয়, গত ৩ বছর ধরেই ঘনিষ্ঠভাবে কাজ করছেন উনি আমার সঙ্গে। বরিশালে আমার সব সতীর্থ, কর্মকর্তা, সবাইকে ধন্যবাদ পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য।”

স্বপ্নের দরজা প্রস্তুতি ম্যাচ

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্য মানে প্রত্যাশার সীমানাও বড় হওয়া। অনেকবারই বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন তার মরে যায়নি। আবার ফিরতে চান জাতীয় দলে।

গত বছর দেশের মাটিতে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের বেসরকারী টেস্টে সুযোগ পেয়েছিলেন। প্রথম ইনিংসে ৯৭ রানের ইনিংসও খেলেছিলেন। এরপর আর সুযোগ মেলেনি। গত কিছুদিনের ‘এ’ দলের ব্যস্ত সূচিতেও জায়গা হয়নি তার।

তবে শাহরিয়ার দমে যাননি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সুযোগ পেয়েও তিনি দারুণ খুশি।

“চেষ্টা করব প্রস্ততি ম্যাচে ভালো খেলতে। একটা ম্যাচে ভালো করলেই হয়ত সুযোগ মিলবে না জাতীয় দলে, তবে উপস্থিতি জানান দেওয়া যাবে। আর সুযোগ পাওয়াটাও একটা অনুপ্রেরণা যে নির্বাচকদের ভাবনায় আছি। যেখানেই সুযোগ পাই, আমি রান করে যেতে চাই।”

জাতীয় লিগে জোড়া শতক:

ব্যাটসম্যান

রান

ম্যাচ

ভেন্যু

মৌসুম

মিনহাজুল আবেদীন

২১০ ও ১১০

চট্টগ্রাম-ঢাকা বিভাগ

ময়মনসিংহ

২০০১-০২

শাহিন হোসেন

১১৯* ও ১১০*

বরিশাল-চট্টগ্রাম

চট্টগ্রাম

২০০৪-০৫

জাভেদ ওমর বেলিম

১০৬ ও ১৫১

ঢাকা বিভাগ-বরিশাল

ধানমন্ডি

২০০৫-০৬

মোহাম্মদ মিঠুন

১০৯ ও ১০০

খুলনা-সিলেট

চট্টগ্রাম

২০১১-১২

তামিম ইকবাল

১৯২ ও ১১৩*

চট্টগ্রাম-ঢাকা মেট্রো

বগুড়া

২০১২-১৩

ইমরুল কায়েস

১৬৬ ও ১২৭*

খুলনা-বরিশাল

বিকেএসপি

২০১৪-১৫

মার্শাল আইয়ুব

১০৭ ও ১১৫*

ঢাকা মেট্রো-খুলনা

মিরপুর

২০১৫-১৬

শাহরিয়ার নাফীস

১৬৮ ও ১৭৪*

বরিশাল-চট্টগ্রাম

বগুড়া

২০১৫-১৬