হাফিজের ব্যাটে পাকিস্তানের জবাব
শারজা টেস্টের তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। শোয়েব মালিকের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর মোহাম্মদ হাফিজের দৃঢ়তায় ইংল্যান্ডের চেয়ে ৭৪ রানে এগিয়ে রয়েছে দলটি।
মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৪৬ রান। হাফিজ ৯৭ রানে ব্যাট করছেন। নাইটওয়াচম্যান রাহাত আলী অপরাজিত রয়েছেন শূন্য রানে। নবম টেস্ট শতকের অপেক্ষায় থাকা হাফিজের ১৫৫ ইনিংসটি সাজানো ৯টি চার ও তিনটি ছক্কায়।
৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন হাফিজ ও আজহার আলি। ৩৮.১ ওভারে এই দুই জন গড়েন ১০১ রানের জুটি। আজহারের রান আউটে ভাঙে তাদের দলকে লিড এনে দেওয়া জুটি।
দিনের বাকি সময়টুকু রাহাতকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন হাফিজ।
এর আগে শারজা ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ২২২ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। এদিন কেউ খুব একটা ভালো করতে না পারায় অ্যালেস্টার কুকের দল অলআউট হয় ৩০৬ রানে।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জেমস টেইলর ও জনি বেয়ারস্টো মঙ্গলবার ভালো করতে পারেননি। দুই রান যোগ করেই রাহাতের বলে সরফরাজ আহমেদের গ্লাভস বন্দি হন টেইলর (৭৬)। আগের দিন ৩৭ রান করা বেয়ারস্টো (৪৩) জুলফিকার বাবরের বলে বোল্ড হয়ে ফিরে যান।
১২ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা ইংল্যান্ড ৭৬ রানের লিড পায় সমিত প্যাটেলের দৃঢ়তায়। ইয়াসির শাহর বলে বোল্ড হওয়ার আগে ৪২ রানের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেলেন তিনি।
শেষের দিকে ব্রডের অপরাজিত ১৩ রানের সুবাদে তিনশ’ পার হয় ইংল্যান্ডের সংগ্রহ।
৩৩ রানে চার উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার শোয়েব। টেস্টে এটাই তার সেরা বোলিং। এই অলরাউন্ডারের আগের সেরা ছিল ৪২ রানে চার উইকেট। লেগ স্পিনার ইয়াসির ৩ উইকেট নেন ৯৯ রানে।
