বাংলাদেশের সাফল্যে ভাগ্যের ছোঁয়াও দেখছেন হোয়াটমোর!
এ বছর বাংলাদেশের অবিস্মরণীয় সাফল্যে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ভাগ্যের ছোঁয়াও দেখছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। আসছে সিরিজে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের প্রত্যয় শোনা গেল জিম্বাবুয়ে কোচের কণ্ঠে।
গত বছর বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজেও ছিলেন ডেভ হোয়াটমোর, এসেছিলেন ধারাভাষ্য দিতে। এবার এসেছেন জিম্বাবুয়ের কোচ হয়ে। ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত ছিলেন বাংলাদেশের দায়িত্বে। সেই সময় বাংলাদেশ পেয়েছিল দারুণ কিছু সাফল্য।
২০০৭ বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্ব পার হয়েছিল হোয়াটমোরের কোচিংয়ে। সুপার এইটে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।
এবারও বিশ্বকাপ ছিল বাংলাদেশের জন্য স্মরণীয়; প্রথমবারের মত তারা খেলেছে কোয়ার্টার-ফাইনালে। এর পর টানা তিন সিরিজে বাংলাদেশ হারিয়েছে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে।
“ওরা খুব ভালো করছে। সবই জিতেছে দেশের মাটিতে। বিশ্বকাপে সম্ভবত ওরা ভাগ্যকে একটু পাশে পেয়েছিল। ব্রিসবেনে এমন একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল যারা পরে বিশ্বকাপ জিতেছে (অস্ট্রেলিয়া)। প্রায়ই আসলে চিত্রনাট্য লেখা হয়ে যায় ওপরে।”
তবে বাংলাদেশকে প্রাপ্য কৃতিত্বটাও দিচ্ছেন জিম্বাবুয়ে কোচ।
“বিশ্বকাপে বাংলাদেশ ভালো করেছে। পরে দেশের মাটিতে স্মরণীয় কিছু জয়ে ধারাবাহিকতা ধরে রেখেছে। আমরা জানি, কাদের বিপক্ষে আমরা মাঠে নামছি। ভালো দল ওরা।”
এই দলের বিপক্ষে জিম্বাবুয়ের জন্য কাজটা কঠিন হবে, জানেন হোয়াটমোরও। তবে আসছে সিরিজে লড়াই করে পরীক্ষা নিতে চান বাংলাদেশের।
“যদি আমরা জিতি, তাহলে বলা যাবে আমরা আগের চেয়ে উন্নতি করেছি। বাংলাদেশ ছাড়ার আগে দেখিয়ে দিতে চাই যে আমরা ভালো দল। প্রমাণ করতে চাই, আমরা লড়াকু ও প্রতিপক্ষের পরীক্ষা নিতে পারি।”
৭ নভেম্বর ওয়ানডে দিয়ে শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ।
