বাংলাদেশের কন্ডিশনকে ভয় নেই জিম্বাবুয়ের
উপমহাদেশ সফরে বাইরের দেশগুলোর সবচেয়ে বড় অস্বস্তির জায়গা থাকে কন্ডিশন। তবে বাংলাদেশের কন্ডিশন নিয়ে ভাবনা নেই জিম্বাবুয়ের, জানালেন অধিনায়ক এল্টন চিগুম্বুরা।
গত কয়েক বছরে ক্রিকেটে সফরে বাংলাদেশে নিয়মিত অতিথির নাম জিম্বাবুয়ে। অধিনায়ক এল্টন চিগুম্বুরাসহ বেশ কজন ক্রিকেটার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও খেলছেন। মঙ্গলবার শের-ই-বাংলায় অনুশীলন শেষে জিম্বাবুয়ে অধিনায়ক জানালেন, বাংলাদেশের কন্ডিশন এখন আর শঙ্কার কিছু নয় তাদের জন্য।
“এখানকার উইকেট-কন্ডিশনে আমরা অভ্যস্ত। আমাদের দলের এটা একটা ভালো দিক যে এখানে আগে খেলেছে, এমন কিছু ক্রিকেটার আছে আমাদের। নিজেদের খেলা তুলে ধরতে হবে তাদের। ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। কেউ এক সিরিজে চূড়ায় থাকলে পরের সিরিজে ভালো নাও করতে পারে।”
এই কন্ডিশনে জিম্বাবুয়ের বড় ভরসা হতে পারতেন হ্যামিল্টন মাসাকাদজা। বাংলাদেশে বেশ কয়েকবার সফরে এসেছেন তিনি জাতীয় দলের হয়ে। খেলছেন বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগেও। কিন্তু ফর্মের কারণে এই সফরের দলে রাখা হয়নি অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে।
মাসাকাদজার অভাব পূরণের প্রশ্নে একটু দ্বিধান্বিত দেখালো জিম্বাবুয়ে অধিনায়ককে। উত্তর দেওয়ায় একটু ইতস্তত করলেন। তবে চিগুম্বুরা ভরসা রাখছেন অন্যদের ওপর।
“হ্যামিল্টন অবশ্যই ভালো ক্রিকেটার। তবে একই সঙ্গে অন্য ছেলেরা, যাদের সামর্থ্য আছে, তারা ভালো করছে। কখনও কেউ বাদ পড়ে গেলে আমরা যে কোনো মন্তব্য করতে পারি। কিন্তু ভালো ক্রিকেটাররা আগেও বাদ পড়েছে। ক্রিকেটে এমনটা হতেই পারে। যারা আছে, তাদের নিজেদের মেলে ধতে হবে।”
