মাইলফলকে অলক, নাফিস
বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান স্পর্শ করেছেন অলক কাপালি। আর সপ্তম ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন নাফিস ইকবাল।
দুই জনকে এক সুতোয় গাঁথা যায় খুব সহজেই। ১৯৯৯ সালের ১৬ নভেম্বর, প্রথম জাতীয় লিগের প্রথম ম্যাচে একই সঙ্গে মাঠে নেমেছিলেন দুজন। চট্টগামের এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম-সিলেট ম্যাচে দুজন ছিলেন প্রতিপক্ষ।
সেবার জাতীয় লিগের প্রথম শ্রেণির মর্যাদা ছিল না। মর্যাদা এল পরের বার। সে বছরই একই দিনে (২০০০ সালের ২২ নভেম্বর) প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক দুজনের। ধানমণ্ডি মাঠে ঢাকা মেট্রোর বিপক্ষে মাঠে নেমেছিলেন অলক কাপালি; বিকেএসপিতে বিমানের বিপক্ষে নাফিস ইকবাল। দুটি ম্যাচই হয়েছিল ড্র।
বয়স ২০ বছর হওয়ার আগেই জাতীয় দলে খেলেছেন দুজন। কিছুদিনের জন্য হয়ে উঠেছিলেন বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক আঙিনায় পেয়েছেন সাফল্যও। দুজনই এখন জাতীয় দলের বাইরে দীর্ঘদিন ধরে। তবে এখনও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত নাম তারা। জাতীয় লিগের দীর্ঘ পথচলায় একটি দলেই খেলেছেন দুজন। সিলেটের প্রতিশব্দ হয়ে উঠেছেন অলক; চট্টগ্রামের নাফিস।
প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ দুটি মাইলফলকও দুজন ছুঁলেন একই দিনে।
অলকের প্রেরণা শোয়েব মালিক
মাইলফলক ছোঁয়ার খবরটি জানতেনই না অলক। এক সতীর্থ বলেছিলেন, ৭ হাজার হতে এখনও ২৫ রান বাকি। অলকও সেটাই মনে করেছিলেন। এই প্রতিবেদকের কাছে মাইলফলক ছোঁয়ার কথা জেনে উচ্ছ্বসিত তিনি।
“আসলেই হয়ে গেছে? তাহলে তো দারুণ হলো। আসলে আমাদের দেশে প্রথম শ্রেণির ম্যাচ খুব বেশি খেলার সুযোগ মেলে না। প্রতি মৌসুমে ৬-৭টি ম্যাচ খেলা যায়্। ইনজুরি হলে সেটাও হয় না। ৭ হাজার রান আমাদের প্রেক্ষাপটে তাই অনেক কিছু।”
রাজশাহীর বিপক্ষে ম্যাচে ২৫ রান প্রয়োজন ছিল অলকের। এই ম্যাচের প্রথম ইনিংসে করেছেন ৪, সোমবার দ্বিতীয় ইনিংসে ৩১। ম্যাচটি তিন দিনেই হেরে যাওয়ায় অবশ্য অলকের আক্ষেপ আছে। অসন্তুষ্টি আছে এই মৌসুমে নিজের পারফরম্যান্স নিয়েও।
“ম্যাচটা জিততে পারলে আরও ভালো লাগত। আমাদের সিলেটের মৌসুমটা ভালো কাটেনি। আমার নিজেরও না। গত মৌসুমে বারশ’ রান (১ হাজার ১৫৬) করেছিলাম; এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি।”
তবে এই ব্যর্থতায় হাল ছাড়ছেন না অলক। কদিন পর বিসিএল; পরে ঢাকা প্রিমিয়ার লিগ। এরপর আবার পরের মৌসুম। অলক খেলে যেতে চান যতদিন সম্ভব। মরে যায়নি জাতীয় দলে ফেরার স্বপ্নও।
“যত টুর্নামেন্ট খেলি, সবকটায় রান করতে চাই। আমার বয়স তো সবে ৩২ হতে চলেছে। শোয়েব মালিক প্রায় ৩৪ বছর বয়সে টেস্টে ফিরে ডাবল সেঞ্চুরি করল। আমি গত মৌসুম খুব ভালো খেলেছি। ফিটনেস ধরে রেখে যদি পারফর্ম করে যেতে পারি, আবার কেন খেলতে পারব না জাতীয় দলে?”
দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকলেও অলক অনুপ্রেরণা উৎস খুঁজে নিয়েছেন আরও অনেক।
“বাইরের দেশে দেখুন, জাতীয় দলে কখনই খেলেনি অনেকে, কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪-১৫ হাজার রান। ম্যাচ কম বলে আমাদের অত রান করা সুযোগ নেই। কিন্তু ১০ হাজার রান তো করতে পারি! টেস্ট নিয়মিত খেলতো যারা, ওদের ক্যারিয়ার শেষে প্রথম শ্রেণির ক্রিকেটে রানও অনেক হবে আশা করি। আমাদের সবার মধ্যে এই ভাবনা কাজ করলে সবারই রান অনেক বেশি থাকবে।”
আরও অন্তত ৫ বছর খেলতে চান নাফিস
৬ হাজার থেকে ৩৪ রান দূরে থেকে বগুড়ায় বরিশালের বিপক্ষে মাঠে নেমেছিলেন নাফিস ইকবাল। দ্বিতীয় দিন শেষ করেছিলেন ৩০ রান নিয়ে। সোমবার দিনের প্রথম ওভারেই তৌহিদুল ইসলামের বলে বাউন্ডারি মেরে ছুঁয়ে ফেলেছেন ৬ হাজার!
নিজের মাইলফলক ছোঁয়ার কথা জানতেন নাফিস। দিনের খেলা শেষে সেই উচ্ছ্বাসের বহি:প্রকাশও দেখা গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। অর্জনের আনন্দ ধরা পড়ল ফোনালাপেও।
“দীর্ঘ দিন ধরে খেলছি। সেটার একটা পুরস্কার বলতে পারেন এই অর্জন। খুব ভালো লাগছে।”
মাইলফলক ছোঁয়ার দিনে স্মৃতির ডানায় নাফিস ফিরে গেলেন ১৬ বছর আগে। শোনালেন ঘরোয়া ক্রিকেটে প্রথম দিনটির গল্প; জাতীয় লিগে মাঠে নেমেছিলেন মাত্র ১৪ বছর বয়সে।
“তখন কিছু দিন আগেও আমি অনূর্ধ্ব-১৩ দলে খেলেছি। সেখান থেকে চট্টগ্রাম দলে খেলার পুরো ব্যাপারটা আমার মনে আছে। শুরুতে প্রাথমিক দলে ছিলাম, পরে ২০ জনের দলে। পরে চূড়ান্ত স্কোয়াডেও। বাড়ির পাশে এমএ আজিজ স্টেডিয়ামে খেলা, আমি মাত্র ২টি ড্রেস নিয়ে মাঠে গিয়েছিলাম। জানতাম, খেলতে তো পারব না।”
কিন্তু অভাবনীয়ভাবেই এসে গিয়েছিল খেলার সুযোগ।
“তখন আকরাম চাচ্চু, নান্নু চাচ্চু - মূল ক্রিকেটাররা সবাই স্ট্রাইক করেছে। আমাদের কোচ ছিলেন সুলতান আবেদিন। আমাকে বললেন, ‘ওপেন করতে পারবে?’ আমি তখন তিন-চারে খেলতাম। কিন্তু সুযোগ হারাতে চাইনি। রাজি হলাম। দারুণ রোমাঞ্চিত ছিলাম, ভয়ও লাগছিল। মনে মনে আল্লাহকে ডাকছিলাম যেন অন্তত ২৫-৩০ রান করতে পারি।”
নাফিস করতে পেরেছিলেন চাওয়ার চেয়েও একশ রান বেশি! বালক-বীরের ব্যাট থেকে এসেছিল ১৩ চার ও ১ ছক্কায় ২৭৯ বলে ১২৬ রানের ইনিংস! জাতীয় লিগ তখনও প্রথম শ্রেণির মর্যাদা পায়নি। নাফিসের ওই ইনিংস তাই প্রথম শ্রেণির রেকর্ডে নেই। তবে ঘরোয়া ক্রিকেটে নিজের সবচেয়ে স্মরণীয় ইনিংস মনে করেন সেটিকেই।
পরের বছর প্রথম শ্রেণির ক্রিকেটে আনুষ্ঠানিক অভিষেক। একটি ইনিংসই খেলার সুযোগ পেয়ে করেছিলেন ৭৫ রান। এরপর দেশের ক্রিকেটে অনেক কিছু বদলেছে, অনেক চড়াই-উৎরাই পেরিয়েছে চট্টগ্রামের ক্রিকেট। কিন্তু জাতীয় লিগে চট্টগ্রাম দলের অবিচ্ছেদ্য অংশ থেকে গেছেন নাফিস।
মাইলফলক ছোঁয়ার দিনে বেশ কয়েকটি প্রজন্মের সঙ্গে খেলার গর্বটাও ছুঁয়ে গেল নাফিসকে।
“আমি শুরু করেছিলাম আকরাম চাচ্চু, নান্নু চাচ্চুদের সঙ্গে। আজম ইকবালরা ছিলেন। পরে আমাদেরই আফতাব, নাজিমউদ্দিনরা এল। তামিমরা উঠে এল। এখন ইরফান শুক্কুর, ইয়াসির আলিরা উঠে এসেছে। ভালো লাগে যে এতগুলো প্রজন্মের সঙ্গে খেলেছি, খেলে চলেছি।”
ক্রিকেট ছাড়ার আগে চট্টগ্রামের ক্রিকেটের হারানো গৌরব ফিরে পাওয়া দেখে যেতে চান নাফিস।
“সব ঠিকঠাক থাকলে আরও অন্তত ৫ বছর খেলব। গত কয়েক বছরে চট্টগ্রামের ক্রিকেটের খুব ভালো সময় কাটেনি। অবসর নেওয়ার আগে চিত্রটা পাল্টে যেতে দেখতে চাই। আসলে এই সময়ে বেশ কজনকে পারফরমারকে নানা কারণে হারিয়েছি আমরা। তবে বেশ কজন সম্ভাবনাময় তরুণ উঠে আসছে। আশা করি, আবারও চট্টগ্রাম ক্রিকেটে সুদিন ফিরবে।”
প্রথম শ্রেণিতে ৬ হাজারের বেশি রান করা বাংলাদেশি ব্যাটসম্যানদের তালিকা :
ব্যাটসম্যান | ম্যাচ | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | ১০০/৫০ |
তুষার ইমরান | ১২৮ | ২২৪ | ৭৭৯৬ | ২০৩* | ৩৭.৮৪ | ১৮/৪২ |
রাজিন সালেহ | ১৩২ | ২৩০ | ৭৬২৮ | ২০১* | ৩৬.১৫ | ১৭/৩৭ |
অলক কাপালি | ১২৮ | ২১৮ | ৭০১০ | ২২৮ | ৩৩.৩৮ | ১৪/৩২ |
মোহাম্মদ আশরাফুল | ১৩৩ | ২৪৫ | ৬৯১৮ | ২৬৩ | ২৯.০৬ | ১৮/২৮ |
ফয়সাল হোসেন | ১১৪ | ১৮৮ | ৬৬৫৭ | ১৮০ | ৩৮.২৫ | ১২/৩৮ |
নাজিমউদ্দিন | ১০২ | ১৮১ | ৬১৯৬ | ২০৫ | ৩৭.১০ | ১২/৩৬ |
নাফিস ইকবাল | ১১৮ | ২১২ | ৬০২২ | ১৫৩ | ২৯.৬৬ | ১০/২৯ |
*২ নভেম্বর ২০১৫ পর্যন্ত
