আবার পেছাল দক্ষিণ আফ্রিকার মেয়েদের সফর
মঙ্গলবার আসার কথা থাকলেও আবার পিছিয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বাংলাদেশ সফর। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানিয়েছেন, নতুন সূচি নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ করছে বিসিবি।
৩টি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে মঙ্গলবার বাংলাদেশে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। সেদিন্ই চলে যাওয়ার কথা সিরিজের ভেন্যু কক্সবাজারে। কিন্তু আগের দিন জানা গেল, নির্ধারিত তারিখে আসছে না প্রোটিয়া মেয়েরা; বরং এসেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা কর্মকর্তা!
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার একজন নিরাপত্তা কর্মকর্তা এখন আছেন বাংলাদেশে। সোমবার নিরাপত্তা সংশ্লিষ্ট কমকর্তাদের সঙ্গে কথাও বলেছেন তিনি।
তবে নিরাপত্তার কারণেই আবার সফর পিছিয়েছে দক্ষিণ আফ্রিকা, এটা মানতে নারাজ নিজাম উদ্দিন চৌধুরি। বিসিবি প্রধান নির্বাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন অন্য কারণ।
“ওদের নিরাপত্তা কর্মকর্তা এখানে আছেন সত্যি। তবে আমাদেরকে ওরা বলেছে লজিস্টিকাল ব্যাপার গোছানো না হওয়ায় সফর পেছানো হচ্ছে। শিগগিরই ওরা আসবে। ওদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।”
এই নিরাপত্তা কর্মকর্তার প্রতিবেদনের ওপর সফর নির্ভর করছে কিনা, সেটা জানেন না বলে দাবি করলেন প্রধান নির্বাহী। তবে সফরের ব্যাপারে তিনি আশাবাদী।
“ওদের আসা নিয়ে আমাদের শঙ্কা নেই। আমরা আশাবাদী। তবে যেহেতু দেরি হচ্ছে, সেক্ষেত্রে ম্যাচের সংখ্যা কমাতে হবে। কারণ জিম্বাবুয়ের মেয়েদের সঙ্গে সিরিজও আগেই ঠিক হয়ে আছে। ১৪-১৫ নভেম্বর আসার কথা জিম্বাবুয়ের।”
সিরিজটি খেলতে গত ১৫ অক্টোবর বাংলাদেশে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। তবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের পর সফর স্থগিত করে দেয় দক্ষিণ আফ্রিকাও। পরে নতুন করে আসার তারিখ নির্ধারিত হয় ৩ নভেম্বর। এবার সেটাও পেছাল।
এই সিরিজ খেলতে রোববারই কক্সবাজার পৌঁছে গেছে বাংলাদেশের মেয়েরা। প্রধান নির্বাহী জানালেন, দক্ষিণ আফ্রিকার সফর পেছালেও বাংলাদেশের মেয়েদের প্রস্তুতি চলতে থাকবে।
