রংপুর রাইডার্স নিয়ে রোমাঞ্চিত সাকিব
বিপিএল নিয়ে বেশ রোমাঞ্চিত সাকিব আল হাসান। নিজেকে উজার করে দিতে চান তার দল রংপুর রাইডার্সের হয়ে।
বিপিএলের প্রথম আসরে খুলনা রয়াল বেঙ্গলসের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান, পরের আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে দুবারই তিনি হয়েছিলেন ম্যান অব দা টুর্নামেন্ট।
এবারও ‘প্লেয়ার্স বাই চয়েজ’-এর মূল আকর্ষণ ছিলেন তিনিই। আইকন ক্রিকেটারদের লটারিতে প্রথম দল হিসেবে ডাকার সুযোগ পেয়েই সাকিবকে দলে নিতে এক মুহূর্ত সময় নেয়নি রংপুর রাইডার্স।
সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য সেই সময় সাকিব ছিলেন যুক্তরাষ্ট্রে। জিম্বাবুয়ে সিরিজ খেলতে দেশে ফিরেছেন গত শনিবার রাতে। সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তার বিপিএল ভাবনা।
সাকিবের দাবি, লটারির আগে বিপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির প্রতি আলাদা কোনো টান ছিল না তার।
“লটারির মাধ্যমে ঠিক করা হয়েছে যেহেতু, আমি কখনোই আগে ভাবিনি যে, এই দলে খেললে ভালো হয় বা ওই দলে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমার কাজ হলো ভালো খেলা। যে দলই হোক, চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার জন্য।”
