২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাপট দেখিয়ে জেতার লক্ষ্য সাকিবের

জিম্বাবুয়ের বিপক্ষে আসছে সিরিজে শুধু জয়ই নয়, দাপট দেখিয়ে জিততে চান সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 09:15 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

পুরনো খবর:

শিশিরের অনুরোধেই জিম্বাবুয়ে সিরিজে সাকিব
জিম্বাবুয়ের প্রতি কৃতজ্ঞ সাকিব
রংপুর রাইডার্স নিয়ে রোমাঞ্চিত সাকিব

এক সময় জিম্বাবুয়ে ছিল বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ। সময়ের পরিক্রমায় জিম্বাবুয়ে এখন আর খুব একটা পাত্তা পায় না বাংলাদেশের কাছে। গত বছরই এ সময়ে বাংলাদেশের কাছে ৫ ওয়ানডের সবকটি হেরে গিয়েছিল তারা।

আর এর পরের সময়টায় তো আরও এগিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট। প্রথমবারের মত কোয়ার্টার-ফাইনালে খেলেছে বিশ্বকাপে। টানা তিনটি সিরিজে হারিয়েছে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। এই সময়ে জিম্বাবুয়ে এমন কোনো কঠিন প্রতিপক্ষ হওয়ার কথা নয়। এই সিরিজ থেকে তাই বাংলাদেশের পাওয়ার আছেও সামান্যই।

শুধু জিতলেই এবার তাই মন ভরবে না সাকিবের। সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জানালেন, জয়রথে এবার পিষ্ট করতে চান জিম্বাবুয়েকে।

“গত বেশ কবছর ধরেই ওদের বিপক্ষে আমরা ভালো করছি। এবার খেলা আমাদের দেশের মাটিতেই। লক্ষ্য থাকবে আমরা যেন দাপটে জিততে পারি।”

বিশ্ব ক্রিকেটের বড় দলগুলি ছোট দলের মুখোমুখি হলে যেমন পেশাদারিত্ব দেখায়, সেভাবেই জিততে চান ওয়ানডে দলের সহ-অধিনায়ক।

“চ্যালেঞ্জটা আসলে সময়ের সঙ্গে পাল্টায়। যেহেতু আমরা নিয়মিতই জিতছি ওদের বিপক্ষে, এবার লক্ষ্য থাকবে দাপটে জেতা। বড় দলগুলি ছোট দলগুলির সঙ্গে যেখাবে খেলে, ওদের সঙ্গে আমরা সেভাবেই খেলতে চাইব।”

বাংলাদেশ ক্রিকেটের জন্য অসাধারণ সাফল্যে ভরা বছরটি ভালোভাবে শেষ করার তাড়নাও আছে সাকিবের।

“যেহেতু বছরটা ভালো কেটেছে আমাদের, সবার ভেতর আত্মবিশ্বাস আছে। ভালোভাবে শেষ করতে পারলে ক্রিকেটে আমাদের জন্য সবচেয়ে সফল বছর হবে এটি। সবার ভাবনায়ই সেটা আছে।”