২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে লিড নেওয়ার পথে ইংল্যান্ড

ধীর কিন্তু দৃঢ় ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড। জেমস টেইলরের অপরাজিত অর্ধশতকে প্রথম ইনিংসে লিড নেওয়ার পথে রয়েছে অ্যালেস্টার কুকের দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 09:18 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২২২ রান। টেইলর ৭৪ ও জনি বেয়ারস্টো ৩৭ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৮৩ রানের জুটি গড়েছেন এই দুই জনে।

প্রথম ইনিংসে ২৩৪ রান করা পাকিস্তান এখনও ১২ রানে এগিয়ে রয়েছে।

সোমবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে বিনা উইকেটে ৪ রান নিয়ে খেলা শুরু করে শুরুতেই মইন আলিকে হারায় ইংল্যান্ড। ১৪ রান করে শোয়েব মালিকের বলে ইউনুস খানের তালুবন্দি হন মইন।

ইয়ান বেলের সঙ্গে ৭১ রানের জুটিতে প্রতিরোধ গড়েন অধিনায়ক কুক। তাদের ২৮ ওভার ৪ বল স্থায়ী জুটি ভাঙেন ইয়াসির শাহ। কুককে (৪৯) আজহার আলির ক্যাচে পরিণত করেন এই লেগ স্পিনার।

পুরো সিরিজে ভালো খেলে আসা জো রুট এবার দ্রুত ফেরেন। ৪ রান করে বাঁহাতি পেসার রাহাত আলির বলে সরফরাজ আহমেদের গ্লাভসবন্দি হন তিনি।

চতুর্থ উইকেটে টেইলের সঙ্গে ৪২ রানের একটি জুটি গড়েন বেল। নিজেকে অনেক বেশি গুটিয়ে রাখা বেল (৪০) ফিরেন স্টাম্পড হয়ে। এগিয়ে এসে খেলতে গিয়ে ইয়াসির বলে ব্যাট ছোঁয়াতে পারেননি ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটসম্যান।

দিনের বাকি সময়টুকু বেয়ারস্টোকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন টেইলর। দ্বিতীয় নতুন বলও সামলাতে কোনো সমস্যা হয়নি ইংল্যান্ডের দুই মিডল অর্ডার ব্যাটসম্যানের।

দ্বিতীয় দিন ৯০ ওভার খেলে ২১৮ রান যোগ করে ইংল্যান্ড। ধীর ব্যাটিংয়ে ওভার প্রতি ওঠে ২.৪২ রান।