মুমিনুলের দ্বিশতকের পরও চাপে চট্টগ্রাম
জাতীয় লিগের শেষে এসে ক্যারিয়ারের প্রথম দ্বিশতকের দেখা পেয়েছেন মুমিনুল হক। তবে এই বাঁহাতি ব্যাটসম্যানের বীরত্বের পরও ষষ্ঠ রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে লিড নেওয়ার পথে রয়েছে বরিশাল।
সোমবার দ্বিতীয় স্তরের ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে চট্টগ্রামের সংগ্রহ ৮ উইকেটে ৪২৩ রান। ইফতেখার সাজ্জাদ ২৮ ও নাবিল সামাদ ৪ রানে ব্যাট করছেন।
প্রথম ইনিংসে ৪৮৯ রান করা বরিশাল এখনও ৬৬ রানে এগিয়ে রয়েছে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ১ উইকেটে ১৩৪ রান নিয়ে খেলা শুরু করে চট্টগ্রাম। নাফিস ইকবালকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মুমিনুল। অর্ধশতকে পৌঁছে প্রথম সেশনের শেষ দিকে নাফিসের বিদায়ে ভাঙে তাদের ১৫৬ রানের জুটি।
৫৬ রান করার পথে দেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ হাজার করেন নাফিস। তার বিদায়ের পর প্রায় একাই খেলতে হয় তরুণ বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুলকে।
মিডল অর্ডার ব্যাটসম্যান সাজ্জাদুল হকই (৮০ বলে ২৪) মুমিনুলকে যা একটু সঙ্গ দিতে পেরেছেন। প্রথম ইনিংসে লিড নিতে তাই মুমিনুলের দিকেই তাকিয়ে ছিল চট্টগ্রাম। সারা দিন চমৎকার ব্যাটিং করে যাওয়া এই তরুণ আউট হয়েছেন তৃতীয় দিনের শেষ বেলায়।
ক্যারিয়ার সেরা ২৩৯ রানের ইনিংসটি খেলতে ৪৫১ মিনিট ক্রিজে ছিলেন মুমিনুল। তার ৩২২ বলের ইনিংসটি ৩৭টি চার সমৃদ্ধ। এই বাঁহাতি ব্যাটসম্যানের বিদায়ে চট্টগ্রামের লিড নেওয়ার স্বপ্ন বড় একটা ধাক্কা খেয়েছে।
বরিশালের মনির হোসেন ও সোহাগ গাজী তিনটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল: ৪৮৯
চট্টগ্রাম: ১২০ ওভারে ৪২৩/৮ (মামুন ৩৭, নাফিস ৫৬, মুমিনুল ২৩৯, ইরফান ৬, ইয়াসির ১০, সাজ্জাদুল ২৪, জসিম ৮, ডলার ৫, ইফতেখার ২৮*, নাবিল ৪*; তৌহিদ ১৩-২-৫৮-০, কবির ১০-২-৪০-১, সোহাগ ৪৫-৮-১৩৩-৩, আল আমিন ১২-২-৪৬-০, মনির ২৪-৪-৬৪-৩, সালমান ১৩-২—৬৩-১, মাহমুদ ৩-০-১৭-০)
