তাসকিনকে নিয়ে তাড়াহুড়ো নেই নির্বাচকদের
চোটপ্রবণ তাসকিন আহমেদকে মাঠে নামাতে আরেকটু সময় নিতে চান নির্বাচকরা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এই পেসারকে খেলানোর পরিকল্পনা আছে, জানালেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
রোববার দুপুরে ঘোষণা করা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল। ১৮ জনের প্রাথমিক দলে থাকলেও ১৪ জনের চূড়ান্ত দলে জায়গা হয়নি তাসকিন আহমেদের।
সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও চোটের কারণে খেলতে পারেননি তাসকিন। পরে বাংলাদেশ ‘এ’ দলের ভারত সফর থেকেও ফিরেছিলেন চোট নিয়ে। তবে দুই দফার সেই চোট কাটিয়ে নিয়মিতই অনুশীলন করছিলেন তাসকিন। গত বৃহস্পতিবারই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেকে পুরোপুরি 'ফিট' ঘোষণা করেছিলেন তাসকিন। জানিয়েছিলেন, বোলিং করছেন পুরোদমে, পূর্ণ গতিতে।
তাসকিনের দাবির সঙ্গে দ্বিমত করছেন না ফারুক আহমেদও। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রধান নির্বাচক জানালেন, চোটের সঙ্গে অতি সখ্যের কারণেই তরুণ গতি তারকাকে নিয়ে আরেকটু সময় নিতে চান তারা।
“অতীতে দেখা গেছে চোট থেকে ফিরেই আবার চোট বাধিয়েছে তাসকিন। এবার তাই আমরা একটু সময় নিতে চাই। তাড়াহুড়ো করতে চাই না। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিতে ওকে খেলানোর পরিকল্পনা আছে আমাদের।”
৫ নভেম্বর প্রস্তুতি ম্যাচটি হবে ফতুল্লায়। ৭ ও ৯ নভেম্বর প্রথম দুই ওয়ানডে। সিরিজের পরের অংশে তাসকিনকে ফেরানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না প্রধান নির্বাচক।
“কদিন সময় পেলে তাসকিন আরও ফিট হয়ে উঠবে। প্রস্তুতি ম্যাচটাতেও ওকে দেখব। সব ঠিকঠাক থাকলে শেষ ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সিরিজে ওকে দেখা যেতেই পারে।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন ও এনামুল হক। সেপ্টেম্বরে ‘এ’ দলের ভারত সফরে পাওয়া চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি রুবেল। আর না খেলেই বাদ পড়েছেন এনামুল। দলে ফিরেছেন পেসার আল আমিন হোসেন, প্রথমবার ডাক পেয়েছেন আরেক পেসার কামরুল ইসলাম রাব্বি।
একজন পেসার ও একজন ব্যাটসম্যানের বদলে দু্ইজন পেসার নেওয়ার কারণ ব্যখ্যা করলেন প্রধান নির্বাচক।
“মাত্র ২ ওয়ানডের জন্য দল দেওয়া হয়েছে। আমাদের মনে হয়েছে ব্যাটসম্যান যথেষ্টই আছে। উইকেটকিপারও আছে মুশফিকের সঙ্গে লিটন। এজন্য দুজনই পেসার নিয়েছি আমরা। সম্প্রতি আমাদের ‘এ’ দল ভালো খেলতে না পারলেও আল আমিন ও রাব্বি ভালো করেছে। এজন্যই ওদের নেওয়া হয়েছে।”
