২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেসার হান্ট থেকে স্বপ্নের ঠিকানায় কামরুল

২০০৭ সালে 'পেসার হান্ট' থেকে উঠে এসেছিলেন কামরুল ইসলাম রাব্বি। ৮ বছর পর পূরণ হলো তার জাতীয় দলে ঢোকার স্বপ্ন। ডান হাতি এই পেসার ডাক পেয়েছেন জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশ দলে।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 04:00 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

পুরনো খবর:

জিম্বাবুয়ে সিরিজের দলে কামরুল, ফিরলেন আল আমিন

শনিবার সকালে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন কামরুল ইসলাম রাব্বি। বাংলাদেশ ‘এ’ দলের সফর থেকে যখন মাঝপথে ফিরিয়ে আনা হয়েছে, জাতীয় দলে ডাক পাওয়ার প্রত্যাশা তাই ছিল তার। দেশে ফিরেও শুনলেন অনেকে বলাবলি করছে, এবার সুযোগ মিলছে রাব্বির। তার পরও আনুষ্ঠানিকভাবে ডাক না পেলে তো স্বস্তির অবকাশ নেই!

দুরু দুরু বুকে তাই প্রহর গুণছিলেন রাব্বি। রোববার দুপুরে বিসিবি ঘোষণা করল জিম্বাবুয়ে সিরিজের দল। স্বপ্ন পূরণের খবরটি রাব্বি জানতে পারলেন এই প্রতিবেদকের কাছ থেকেই। উচ্ছ্বাসটা ধরা পড়ল ফোনেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, অপেক্ষা করছিলেন এই দিনেরই।

“অনুভূতি আসলে বলে বোঝানোর নয়। এবার দলে ডাক পাওয়ার প্রত্যাশা ছিল, সবাই বলছিল যে এবার সুযোগ পাব। কিন্তু পুরোপুরি নিশ্চিত না হ্ওয়ার আগ পর্যন্ত ঠিক স্বস্তি পাচ্ছিলাম না। এখন ডাক পেয়েছি জেনে অসম্ভব ভালো লাগছে। ক্রিকেটকে গুরুত্ব দিয়ে নেওয়ার পর থেকেই স্বপ্ন জাতীয় দলে খেলা।”

দেশের ঘরোয়া ক্রিকেটে রাব্বির পদচারণা প্রায় আট বছরের। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০০৮ সালে। তবে জাতীয় দলের রাডারে এসেছেন গত কয়েক মাসে। ঘরোয়া ক্রিকেটে রেকর্ড দেখলে আহামরি কিছু মনে হবে না। ৪০টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট নিয়েছেন ৯১টি, ২৮টি লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট ৪২টি। কিন্তু বাংলাদেশে উইকেট-কন্ডিশন ও নানা বাস্তবতায় পেসারদের ঘরোয়া ক্রিকেটে রেকর্ড দেখে বিচার করা মুশকিল। পরিসংখ্যান নয়, তার বোলিং দেখেই নির্বাচকরা দেখছিলেন সম্ভাবনার ছাপ।

গত সেপ্টেম্বরে চোট পাওয়া তাসকিন আহমেদের বদলি হিসেবে ভারতে গেলেন বাংলাদেশ ‘এ’ দলে খেলতে। এরপর ‘এ’ দলের হয়ে আফ্রিকা সফরে। মূলত এই সফরের পারফরম্যান্সে ত্বরান্বিত হয়েছে তার জাতীয় দলে ডাক পাওয়া। দক্ষিণ আফ্রিকায় ১ম ম্যাচে উইকেট না পেলেও পরের ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। সবশেষ ম্যাচে গত বৃহস্পতিবার গটেং স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট।

পেসার হান্ট থেকে জাতীয় দলে

রাব্বির জন্ম ও বেড়ে ওঠা বরিশাল শহরে। আড়াই বছরের বড় ভাই সাইফুল ইসলাম বাপ্পির সঙ্গে ক্রিকেট খেলতেন ছেলেবেলা থেকেই। বরাবরই ছিলেন পেসার। ক্রিকেট খেলতেন মনের আনন্দেই। ২০০৭ সালে বড় ভাইয়ের উৎসাহে নাম লেখালেন পেসার হান্টে। নজরও কাড়লেন। তবে তখনও ক্রিকেটকে ধ্যানজ্ঞান করেননি। বিজ্ঞানের ছাত্র ছিলেন, বাবা-মার চাওয়া ছিল, ছেলে পড়াশোনাতেই মন দিক।

তার পৃথিবী বদলে গেল অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে ডাক পেয়ে। জাতীয় দলে ঢোকার স্বপ্ন পূরণের দিনে রাব্বি ফিরে তোকালেন শুরুর দিনগুলোয়।

“অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফরে ডাক পাওয়ার পরই ক্রিকেটকে সিরিয়াসলি নিলাম। বাসায়ও বুঝলাম সম্ভাবনা আছে। এরপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেললাম নিউ জিল্যান্ডে। ঘরোয়া ক্রিকেট তো আগেই শুরু করেছি। আস্তে আস্তে ক্রিকেটই হয়ে গেল সবকিছু।”

২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রাব্বির সঙ্গে খেলা মুমিনুল হক, এনামুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান, আবুল হাসানরা এর মধ্যেই পেয়ে গেছেন আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ। ২৪ ছুঁইছুঁই বয়সে সুযোগ এলো রাব্বির।

দৃষ্টি সুদূরে

স্বপ্নের দুয়ারে পা রেখে অভিভূত রাব্বি। তবে মোহিত হয়ে হরাতে চান না পথ। তিনি জানেন, এটা কেবলই শুরু।

“জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হলো। এখন থেকে শুরু নতুন লড়াই। জায়গা পাওয়ার চেয়ে ধরে রাখা কঠিন। প্রথম লক্ষ্য থাকবে এখন ম্যাচ খেলার। আর সুযোগ পেলে ভালো করার। জায়গা ধরে রাখতে সম্ভব সবকিছুই করতে চাই।”

বাংলাদেশের ওয়ানডে দলে পেস আক্রমণে জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা তুমুল। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পেসার, আছেন তরুণ মুস্তাফিজুর রহমান। রুবেল হোসেন, তাসকিন আহমেদেরা পুরো ফিট থাকলে হয়ত এখনও অপেক্ষাতেই থাকতে হত রাব্বিকে।

লড়াইটা তিনিও জানেন। চ্যালেঞ্জটা নিতেও প্রস্তুত রাব্বি।

“জায়গার জন্য লড়াই থাকলে দলের জন্যই ভালো। আমি শুধু নিজের কাজ করে যেতে চাই। শুধু এই সিরিজ নয়, আমার লক্ষ্য অনেক অনেক দিন জাতীয় দলে খেলা।”