রেকর্ড জুটির পর ম্যাচই পরিত্যক্ত!
নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫০৩ রানের উদ্বোধনী জুটি গড়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের অ্যারন ফিঞ্চ ও রায়ান কার্টারস। কিন্তু অনুপযুক্ত পিচের কারণে দ্বিতীয় দিনেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে তিন দিনের ম্যাচটি।
অস্ট্রেলিয়া সফরে এটি ছিল নিউ জিল্যান্ডের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। সিডনির ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনে ব্যাটিংয়ে নেমেছিলেন অ্যারন ফিঞ্চ ও রায়ান কার্টার। দিন শেষে দুজনের জুটি অবিচ্ছিন্ন ছিল ৩৭৬ রানে।
শুক্রবার দ্বিতীয় দিনে এই জুটি নাম লেখায় ইতিহাসে। লাঞ্চের আগেই দুজনের জুটি স্পর্শ করে ৫০০! অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেট যে কোনো উইকেটেই এই প্রথম দেখল ৫০০ রানের জুটি। আগের রেকর্ড ছিল স্টিভ ওয়াহ ও মার্ক ওয়াহর। ১৯৯০ সালে পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিচ্ছিন্ন ৪৬৪ রানের জুটি গড়েছিলেন নিউ সাউথ ওয়েলসের এই দুই ভাই।
আর উদ্বোধনী জুটিতে আগের রেকর্ডের বয়স ছিল প্রায় ৯৩ বছর। ১৯২৩-২৪ মৌসুমে কুইন্সল্যান্ডের বিপক্ষে ৪৫৬ রানের জুটি গড়েছিলেন ভিক্টোরিয়ার বিল পন্সফোর্ড ও আর্নি মেইনে।
এবার ফিঞ্চ-কার্টারসের জুটি থেমেছে ৫০৩ রানে। ২০৯ রান করে আউট হন উইকেটকিপার ব্যাটসম্যান কার্টারস। ফিঞ্চকে ২৮৮ রানে অপরাজিত রেখে ইনিংস ঘোষণা করেন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের অধিনায়ক অ্যাশটন টার্নার।
কিন্তু নিউ জিল্যান্ড ব্যাটিংয়ে নামার বদলে পিচ নিয়ে জানাল আপত্তি। ‘গুড লেংথ’ থেকে আচমকা লাফিয়ে উঠেছিল কয়েকটি বল, পিচের চেহারাও তখন বেশ ক্ষত-বিক্ষত। পরে দুই আম্পায়ার, দুই অধিনায়ক, মাঠের কিউরেটর, সবার সঙ্গে আলোচনা করে পিচ অনুপযুক্ত জানিয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
উইকেটের অবস্থায় হতাশ হয়ে নিউ জিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম দ্বিতীয় দিনে মূল পেসারদের বোলিংই করাননি। চার ওভার বোলিং করেছেন মিডিয়াম পেসার জিমি নিশাম, বাকি সব ওভার স্পিনাররা এবং অনিয়মিতরা। বোলিং করেছেন স্বয়ং ম্যাককালাম, টম ল্যাথাম, মার্টিন গাপটিল ও রস টেলরের মত ব্যাটসম্যানরা। পিচ নিয়ে পরে ক্ষোভ জানান নিউ জিল্যান্ডের কোচ মাইক হেসন।
এই ম্যাচ শুরুতে হওয়ার কথা ছিল চারদিনের। পরে নামিয়ে আনা হয় তিনদিনে। শুক্রবার ম্যাচটিকে দুদিনের ম্যাচ ঘোষণার আলোচনাও হয়েছিল। সেক্ষেত্রে প্রথম শ্রেণির ম্যাচের মর্যাদা হারাত ম্যাচটি। শেষ পর্যন্ত তা হয়নি।
প্রশ্নবিদ্ধ হলেও তাই রেকর্ডের খাতায়ও থেকে যাচ্ছে ফিঞ্চ-কার্টারের জুটি।
