অবসর পেছাতে মিসবাহকে অনুরোধ পিসিবির
মিসবাহ-উল হককে আপাতত অবসর নেওয়ার পরিকল্পনাটা স্থগিত করার জন্য অনুরোধ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট অধিনায়ককে আগামী বছর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সফর পর্যন্ত চায় তারা।
২০১৬ সালে ইংল্যান্ড সফরে চারটি টেস্ট খেলার কথা পাকিস্তানের। এর পর ২০১৬-১৭ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে তারা আরও তিনটি টেস্ট খেলবে। আর আগামী বছর মিসবাহর বয়স হয়ে যাবে ৪২ বছর।
মিসবাহ প্রসঙ্গে লাহোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।
“আমরা তাকে অবসর নেওয়াটা এক বছরের জন্য পেছাতে বলেছি। আমরা মনে করি, অধিনায়ক আর একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে তার উপস্থিতি আগামী বছর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে দলের জন্য মূলবান হবে।”
ইএসপিএন ক্রিকইনফোকে মিসবাহ নিশ্চিত করেন, শাহরিয়ার তার সঙ্গে কথা বলেছেন।
