স্কুল ক্রিকেটের গৌরব ফেরাতে বিসিবির সঙ্গী প্রাইম ব্যাংক
স্কুল ক্রিকেটকে জনপ্রিয় করতে বিসিবির সঙ্গী হয়েছে প্রাইম ব্যাংক। দুই প্রতিষ্ঠান বাংলাদেশের স্কুল ক্রিকেটের গৌরবময় অতীত ফিরিয়ে আনতে কাজ করবে।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, ৬ বছরের জন্য স্কুল ক্রিকেট আয়োজনে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। টুর্নামেন্টের নাম হবে ‘প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট’। ৬ বছরে বিসিবিকে ৬ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা দেবে প্রাইম ব্যাংক।
এক সময় বাংলাদেশে স্কুল ক্রিকেটের সঙ্গে জড়িত ছিল নির্মাণ গ্রুপ। বাংলাদেশের ক্রিকেটে নির্মান স্কুল ক্রিকেট হয়ে আছে দারুণ এক মাইলফলক। দেশে ক্রিকেটারের মূল জোগান ছিল সেটিই। আমিনুল ইসলাম, খালেদ মাহমুদসহ একসময় দেশের প্রায় সব শীর্ষ ক্রিকেটারের প্রতিযোগিতামূলক ক্রিকেটে হাতেখড়ি ছিল নির্মান স্কুল ক্রিকেট।
সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের লোগো ও মাস্কটও উন্মোচন করা হয়। শিশু-কিশোরদের আরও বেশি সম্পৃক্ত করতে এই প্রথম টুর্নামেন্টে থাকছে মাস্কট ব্যাট হাতে হাসিমুখের এক ব্যাঘ্রশাবক। এই মাস্কটের নাম দেওয়া হয়েছে ‘টিঙ্গা’।
টুর্নামেন্ট হবে ওয়ানডে সংস্করণে, ৫০ ওভারের ম্যাচ। খেলা হবে ম্যাট উইকেটে। টুর্নামেন্টের ফরম্যাট জানালেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন।
“টুর্নামেন্ট শুরু হবে জেলা পর্যায় থেকে। জেলার পরিধি অনুযায়ী কোথাও ১২টি দল, কোথাও ৮টি বা ৪টি দল নিয়ে হবে জেলা ভিত্তিক টুর্নামেন্ট। জেলার চ্যাম্পিয়দের নিয়ে বিভাগীয় পর্যায়ে আন্ত জেলা টুর্নামেন্ট। এরপর বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রোর চ্যাম্পিয়ন, এই ৮ দল নিয়ে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ।”
টুর্নামেন্টের সবশেষ জাতীয় চ্যাম্পিয়ন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, মেহেরপুর। সবশেষ আসরে খেলেছিল ৫৪০টি স্কুল। নিবন্ধন করেছিল প্রায় সাড়ে ১৩ হাজার ক্রিকেটার, অংশ নিয়েছিল সাড়ে ৭ হাজার স্কুল ক্রিকেটার। খেলা হয়েছিল দেশের ৭০টি ভেন্যুতে।
আগামী আসর শুরু হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির প্রধান তানজিল চৌধুরি জানালেন, এটিকে একটি ক্রিকেট উৎসবে রূপ দিতে চান তারা।
