আবারও সাইফের দৃঢ়তায় ঢাকা বিভাগের ড্র
সাইফ হাসানের সময়কে হার মানানো ব্যাটিংয়ে রংপুরের বিপক্ষে হার এড়িয়েছে ঢাকা বিভাগ। আগের রাউন্ডেও শেষ দিনে দারুণ ধৈর্যশীল ব্যাটিংয়ে ঢাকার ড্রয়ে বড় ভূমিকা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই ব্যাটসম্যানের।
বগুড়ায় জয়ে লক্ষ্য নিয়ে মাঠে নামা রংপুর শেষ দিনে নিতে পেরেছে মাত্র ৩টি উইকেট। আগের দিন উইকেটে গিয়ে মঙ্গলবারও প্রায় দিনজুড়ে খেলেছেন সাইফ, উইকেটে ছিলেন ৩৪৬ মিনিট। ২৬৭ বল খেলে করেছেন ৮৪ রান। পাশাপাশি ছিল রকিবুল ও নাদিফের দুটি কার্যকর ইনিংস। ফলো অনে পড়েও তাই শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারল ঢাকা বিভাগ।
আগের রাউন্ডেও খুলনার বিপক্ষে শেষ দিনে প্রায় চার ঘণ্টা উইকেটে ছিলেন সাইফ। ১৯১ বলে ৬৪ করে হারের মুখ থেকে দলকে ফিরিয়ে এনে দিয়েছিলেন ড্র। এবারও শঙ্কা ছিল পরাজয়ের। প্রথম ইনিংসে রংপুরের চেয়ে ১৮৭ রানে পিছিয়ে ছিল ঢাকা। শেষ দিন শুরু করেছিল ৯ উইকেট হাতে নিয়ে। কিন্তু ঢাকার ব্যাটসম্যানদের দৃঢ়তায় মুখ থুবড়ে পড়ে রংপুরের সব প্রচেষ্টা।
তৃতীয় উইকেটে সাইফ ও রকিবুল ৫০ ওভারের বেশি ব্যাট করেই অনেকটা নিশ্চিত করে দেন ড্র। ৫১.৪ ওভারে ১১৬ রানের জুটি গড়েন দুজন। ১৫২ বলে ৪২ রান করে রকিবুল রান আউট হলে ভাঙে এই জুটি।
তবে সাইফ আরও ঘণ্টাখানেক টিকে থেকে নিশ্চিত করেন ড্র। ১৭ ছুঁইছুঁই ব্যাটসম্যান শুধু একটি আক্ষেপই করতে পারেন। দলকে উদ্ধার করলেও দেখা পাননি প্রথম শতকের। ৮৪ রানে এলবিডব্লিউ হয়েছেন সোহরাওয়ার্দী শুভর বলে।
পরে ড্র নিশ্চিত হয়ে যাওয়ায় সহজাত ব্যাটিংয়ে অর্ধশতক করেছেন নাদিফ চৌধুরি, ২ চার ও ৩ ছক্কায় করেছেন অপরাজিত ৫৮।
প্রথম ইনিংসের শতকের জন্য ম্যাচসেরা হয়েছেন নাঈম ইসলাম।
৫ রাউন্ড শেষে ৪০ পয়েন্ট নিয়ে প্রথম স্তরে তৃতীয় স্থানে আছে ঢাকা বিভাগ। আর ৩০ পয়েন্ট নিয়ে তলানিতে রংপুর। এই ড্রয়ে প্রথম স্তর থেকে অবনমনের পথ আরও ত্বরান্বিত হলো বর্তমান চ্যাম্পিয়নদের।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর ১ম ইনিংস: ৪৬৩
ঢাকা ১ম ইনিংস: ২৭৬
ঢাকা ২য় ইনিংস (ফলো অনের পর): ৯৮ ওভারে ২৪৭/৪ (মজিদ ২৫, সাইফ ৮৪, রকিবুল ৪২, নাদিফ ৫৮*, শরিফ ১৫*; শুভাশিস ১৫-২-২২-১, আরিফুল ৭-১-২৩-০, সাজেদুল ৮-১-১৩-১, তানভীর ২১-৭-৩৩-০, বিশ্বনাথ ২১-৮-৫০-০, শুভ ১৬-৪-৫৪-১, ধীমান ৭-০-২৫-০, নাঈম ৩-০-১৫-০)।
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: নাঈম ইসলাম।
