মিরাজের বোলিংয়ে বিপাকে ঢাকা মেট্রো
খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ৩২ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে বিপাকে পড়েছে ঢাকা মেট্রো। তৃতীয় দিন শেষ করেছে তারা ৫ উইকেটে ১২২ রানে।
ঢাকা মেট্রোর প্রথম ৩টি উইকেটই নিয়েছেন খুলনার তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
দ্বিতীয় ইনিংসে মেট্রোর শুরুটা ছিল বেশ ভালো। মেহেদি মারুফ ও শামসুর রহমান উদ্বোধনী জুটি তোলেন ৬৯ রান। প্রথম ইনিংসে ১৪৪ রান করা শামসুরকে (৪২) ফিরিয়ে জুটি ভাঙেন মিরাজ।
পরে আরেক ওপেনার মেহেদিকেও ফেরান মিরাজ। তরুণ অফ স্পিনার আউট করেন তিনে নামা অভিজ্ঞ ব্যাটসম্যান মেহরাব হোসেনকেও। বাঁহাতি স্পিনার আবু বক্কর ফেরান মেট্রোর মিডল অর্ডারের দুই স্তম্ভ মাহমুদউ্ল্লাহ ও মার্শাল আইয়ুবকে।
কোনো উইকেট না হারিয়ে ৬৯ থেকে মেট্রোর রান হয় ৫ উইকেটে ১০৬! কোনো রকমে দিনের বাকি সময়টুকু পার দেন দেন আসিফ আহমেদ ও শরিফুল্লাহ।
মেট্রোর এই ছোটো ধসের আগে খুলনার ব্যাটিংয়ের শেষটাও হয়েছে একটি ধসে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ইমরুল কায়েস ও নুরুল হাসান তৃতীয় দিনেও ব্যাট করেছেন দারুণ। ৪ উইকেটে ৩৩১ রান নিয়ে খুলনা এগোচ্ছিল লিড নেওয়ার পথেই। কিন্তু আচমকাই পালা বদল।
৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রান করা নুরুলকে ফেরান মাহমুদউল্লাহ। ১৩৫ রানের ৫ম উইকেট জুটি ভাঙার পর ভেঙে পড়ে দলের ইনিংসও। ১৭ চার ও ৭ ছক্কায় ১৬৩ রান করা ইমরুলকে ফেরান আসিফ। ৩৬ রানে শেষ ৬ উইকেট হারায় খুলনা। টানা তিন উইকেট নিয়ে লেজ মুড়ে দেন অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি পেসার আবু হায়দার রনি। মেট্রো পায় ৩২ রানের লিড।
দিনশেষে সেই লিডের আনন্দ উবে গেছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায়। শেষ দিনে মেট্রোর অপেক্ষায় কঠিন পরীক্ষা।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৩৯৯
খুলনা ১ম ইনিংস: ১০৩ ওভারে ৩৬৭ (ইমরুল ১৬৩, নুরুল ৭৬, জিয়াউর ৩, আবু বক্কর ১১*, রাজ্জাক ১৫, রবিউল ০, হালিম ০; শহিদুল ১২-১-৪৬-০, আবু হায়দার ২০-৩-৭৯-৪, শরিফুল্লাহ ১৯-৮-৩৭-১, সানি ২৩-৪-৬৯-১, মাহমুদউল্লাহ ২০-১-৮০-২, শামসুর ২-০-১১-০, মেহরাব ১-০-১৪-০, আসিফ ৪-০-১০-২)।
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ৪৪.১ ওভারে ১২২/৫ (শামসুর ৪২, মেহেদি ৪৪, মেহরাব ৫, মাহমুদউল্লাহ ৩, মার্শাল ০, আসিফ ১০*, শরিফুল্লাহ ১০*; রবিউল ১-০-৬-০, হালিম ৮-২-২৪-০, রাজ্জাক ১৬.১-২-৪৬-০, মিরাজ ১৪-৩-৩৩-৩, আবু বক্কর ৫-১-৮-২)।
