তিন দিনেই জিতল বরিশাল
প্রথম ইনিংসে ব্যর্থ রাজশাহী ভালো করতে পারেনি দ্বিতীয় ইনিংসেও। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে তাই হারতে হয়েছে তিন দিনেই। বোলারদের দাপটে দ্বিতীয় স্তরের পঞ্চম রাউন্ডে মুশফিকুর রহিমের দলকে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল।
সোমবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৩ উইকেটে ১২৬ রান নিয়ে খেলা শুরু করে স্বাগতিকরা। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে ২৫৯ রানে অলআউট হয় যায় দলটি।
ঘুরে দাঁড়াতে দলটি তাকিয়ে ছিল দুই অভিজ্ঞ ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক ও মুশফিকুর রহিমের দিকে। কিন্তু এদিন হতাশ করেছেন দুজনই। ১ রান যোগ করে ফিরে যান জুনায়েদ। মুশফিক ৩০ রান করে সালমান হোসেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো রাজশাহী এক সময়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে। ১৭৫ রানে ৮ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া দলটিকে সেখান থেকে টেনে তুলেন ফরহাদ রেজা ও নিহাদ-উজ-জামান। নবম উইকেটে ৬৭ রানের জুটি গড়েন এই দুই জনে।
শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে সর্বোচ্চ ৬৬ রান করেন ফরহাদ রেজা।
৪০ রানে ৩ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার গোলাম কবির।
প্রথম ইনিংসে ১৯২ রানের বড় লিড নেওয়া বরিশালের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৬৮ রান। ৭ ওভার ২ বলে দুই উইকেট হারিয়ে এই লক্ষ্যে পৌছে যায় দলটি।
শাহরিয়ার নাফীসের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন সোহাগ গাজী। দুই জনই খেলেন টি-টোয়েন্টি মেজাজে। ২০ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন নাফীস। ফিরে যাওয়ার আগে ১০ বলে ২৩ রান করেন সোহাগ।
অধিনায়ক ফজলে মাহমুদ (৫ বলে ৯) বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ম্যাচ সেরা সালমান। প্রথম ইনিংসে ৩১ রানে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে দুই উইকেট নেন এই তরুণ। দলের প্রথম ইনিংসে ৪৫ রানের ভালো একটি ইনিংসও খেলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী প্রথম ইনিংস: ১১৯
রবিশাল প্রথম ইনিংস: ৩১১
রাজশাহী দ্বিতীয় ইনিংস: ৮৩ ওভারে ২৫৯ (নাজমুল ২৯, জুনায়েদ ৫৯, মিজানুর ২২, ফরহাদ হোসেন ৩, মুশফিক ৩০, শাকির ০, ফরহাদ রেজা ৬৬, সানজামুল ১, মুক্তার ৬, নিহাদ ৩১, শাফাক ৩*; তৌহিদ ১০-৪-২৯-০, কবির ১৫-৪-৪০-৩, সোহাগ ২৯-৬-৭৩-২, সালমান ১১-৩-৩৫-২, আল আমিন ৭-০-৩৮-১, মনির ৭-১-৩১-২, সালেহ ৪-১-৫-০)
বরিশাল দ্বিতীয় ইনিংস: ৭.২ ওভারে ৬৯/২ (নাফীস ৩৩*, সোহাগ ২৩, মাহমুদ ৯, সালমান ৪*; শাফাক ২-০-১৮-০, মুক্তার ১-০-৪-০, সানজামুল ২-০-৩৬-১, নাজমুল ২-০-৩-১, জুনায়েদ ০.২-০-৮-০)
ফল: বরিশাল ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: সালমান হোসেন।
