২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারিকের পর শতকের পথে নাঈম

জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে শুরুর ধাক্কা কাটিয়ে তারিক আহমেদের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে রংপুর বিভাগ। প্রথম দিনের খেলা শেষের আগে তিন উইকেটে ২৬৩ রান করেছে নাসির হোসেনের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 06:35 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শনিবার প্রথম স্তরের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া ঢাকা পর পর দুই বলে রংপুরের দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে শুরুটা করে দুর্দান্ত। মোহাম্মদ শরীফের করা তৃতীয় ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে প্যাভিলিয়নে ফেরেন নবীন ইসলাম ও আরিফুল হক। দুজনেই শূন্য রানে আউট হন। দুই রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়া রংপুরকে কক্ষপথে ফেরান তারিক। নাঈম ইসলামের সঙ্গে তৃতীয় উইকেটে ১৬১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন এই উদ্বোধনী ব্যাটসম্যান।  নাজমুল ইসলামের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ১০২ রান করেন তারিক। তার ১৮৩ বলের ইনিংসটি ৯টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ। এরপর আর কোনো উইকেট হারায়নি রংপুর। নাঈম ও নাসির হোসেনের ১০০ রানের অবিচ্ছেদ্য জুটিতে বড় ইনিংসের সম্ভাবনায় দিনের খেলা শেষ দলটি। নাঈম ৯০ ও অধিনায়ক নাসির ৬১ রানে অপরাজিত আছেন। ৪০ রানে দুই উইকেট নিয়ে ঢাকার সফলতম বোলার শরীফ।