ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২২৪ রান
সিরিজ বাঁচানোর লড়াইয়ে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে হারাতে আরও ২২৪ রান করতে হবে জ্যাসন হোল্ডারের দলকে। হাতে আছে ৯ উইকেট।
বৃষ্টির কারণে চা বিরতির পর তৃতীয় দিনের খেলা আর শুরু হয়নি। ২৪৪ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে এর আগে ক্রেইগ ব্র্যাথওয়েইটের উইকেট হারিয়ে ২০ রান তুলতে পারে সফরকারীরা। ১৭ রান নিয়ে উইকেটে আছেন আরেক ওপেনার সাই হোপ।
ব্যাট হাতে ব্যর্থ হলেও কলম্বোর পি সারা স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে ২০৪ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন অনিয়মিত অফ স্পিনার ব্র্যাথওয়েইট। ২৯ রানে ৬ উইকেট নেন তিনি।
২ উইকেটে ৭৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা শ্রীলঙ্কা দ্রুতই উদ্বোধনী ব্যাটসম্যান কৌশল সিলভাকে হারায়। ১০৫ বলে ৩২ রান করা সিলভা অভিষিক্ত জোমেল ওয়ারিক্যানের বাঁহাতি স্পিনে আউট হয়ে ফেরেন।
এর পর দিনেশ চান্দিমালকে জেরোম টেইলর বোল্ড করে ফেরানোর পর ঘূর্ণি জাদু দেখাতে শুরু করেন ব্র্যাথওয়েইট। একে একে তিনি তুলে নেন মিলিন্দা শিরিবর্ধনে, কুশল পেরেরা, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, অ্যাঞ্জোলো ম্যাথিউস ও নুয়ান প্রদিপকে।
শ্রীলঙ্কা তাদের শেষ চারটি উইকেট হারায় মাত্র ১১ রানে।
