কলম্বো টেস্ট শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে
প্রথম দিন শ্রীলঙ্কাকে কম রানে বেধে রাখা ওয়েস্ট ইন্ডিজ কলম্বো টেস্টে চাপে পড়েছে। অতিথিদের ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে বসেছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল।
শুক্রবারের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৭৬ রান। সুবাদে ১১৩ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। কৌশল সিলভা ৩১ ও দিনেশ চান্দিমাল ৫ রানে ব্যাট করছেন। বোলারদের দাপটে প্রথম ইনিংসে ৩৭ রানের লিড পাওয়া শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি।
প্রথম বলেই শূন্য রানে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে। সিলভার সঙ্গে ৫৫ রানের জুটিতে প্রতিরোধ গড়েন কুশল মেন্ডিস। দিনের শেষ বেলায় এই অভিষিক্ত ব্যাটসম্যানকে ফেরান ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা জোমেল ওয়ারিক্যান।
শেষ বেলায় মেন্ডিসকে ফেরানোর পর শ্রীলঙ্কাকে চেপে ধরে অতিথিরা। কিন্তু আর কোনো সাফল্য পায়নি তারা।
এর আগে শুক্রবার ১ উইকেটে ১৭ রান নিয়ে খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে ভালো করতে পারেনি। ১৬৩ রানে অলআউট হয়ে লিড নেওয়ার সুযোগ হারায় তারা।
মাঠ ভেজা থাকায় পি সারা ওভাল স্টেডিয়ামে খেলা শুরু হতে দেরি হয়। প্রথম সেশনেই তিন ব্যাটসম্যানকে হারানো ওয়েস্ট ইন্ডিজ একটিও অর্ধশত রানের জুটি গড়তে পারেনি। সর্বোচ্চ ৪০ রানের জুটি গড়ে উঠে ক্রেইগ ব্রেথওয়েইট ও মারলন স্যামুয়েলসের মধ্যে।
কোনো প্রতিপক্ষের বিপক্ষে ন্যূনতম ১৫ টেস্ট ইনিংস খেলে সবচেয়ে বাজে গড়ের তালিকায় চলে আসা স্যামুয়েলসের (১৩) বিদায়ে ভাঙে ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধ। শ্রীলঙ্কার বিপেক্ষ ১৬ ইনিংসে ১০.০৬ গড়ে স্যামুয়েলসের রান ১৫১।
দ্বিতীয় সেশনের শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেথওয়েইট (৪৭) ফিরে গেলে চাপ আরও বাড়ে অতিথিদের ওপর। সেই চাপে দুই সেশনে ১৬৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।
৩৪ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার পেসার ধাম্মিকা প্রসাদ। এছাড়া দিলরুয়ান পেরেরা ৩ উইকেট নেন ২৮ রানে।
