২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি ভিলিয়ার্সের শতকেও পারল না দ. আফ্রিকা

বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলারদের নৈপুণ্যে চতুর্থ ওয়ানডে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের শতকে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত পারেনি দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার ম্যাচটি ৩৫ রানে জেতে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 06:13 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

চার ম্যাচ শেষে পাঁচ ওয়ানডের সিরিজে এখন ২-২ সমতা। আগামী রোববার মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে কোহলির শতকে আট উইকেটে ২৯৯ রান করে ভারত। জবাবে ৯ উইকেটে ২৬৪ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

তিনশ' রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ষষ্ঠ ওভারের প্রথম বলে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা, তখন তাদের রান ৩৬। তারপর দলীয় স্কোরে আর ৫২ রান যোগ হতে আরও তিনটি উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় অতিথিরা।

তারপরও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে জয়ের সম্ভাবনা ধরে রাখে দক্ষিণ আফ্রিকা। সতীর্থ ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে একপাশ আগলে রেখে ২২তম শতক তুলে নেন তিনি। কিন্তু ৪৫তম ওভারের তৃতীয় বলে তার বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার হার নিশ্চিত হয়ে যায়।

ভুবনেশ্বর কুমারের বলে উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১১২ রান করেন ডি ভিলিয়ার্স। তার ১০৭ বলের ইনিংসটি ১০টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

৬৮ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার ভুবনেশ্বর।

এর আগে প্রথমে ব্যাট করতে নামা ভারত ৩৫ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা বিপদেই পড়ে গিয়েছিল।

তৃতীয় উইকেটে অজিঙ্কা রাহানের সঙ্গে শতকের জুটি গড়ে শুরুর সে ধাক্কা কাটান কোহলি। ডেল স্টেইনের করা ২৭তম ওভারের প্রথম বলে রাহানে (৪৫) উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে তাদের ১০৪ রানের জুটি।

সঙ্গী ফিরে গেলেও হাল ছাড়েননি কোহলি। চতুর্থ উইকেটে সুরেশ রায়নার সঙ্গে আরেকটি শতকের জুটি গড়েন। ১৮.৪ ওভারে ১২৭ রান করেন তারা।

৫২ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৫৩ রান করে স্টেইনের দ্বিতীয় শিকার হন রায়না। আর কাগিসো রাবাদার করা ৪৯তম ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৩৮ রান করেন কোহলি।

এটা তার ক্যারিয়ারের ২৩তম ওয়ানডে শতক। ১৪০ বলের ইনিংসে ৬টি চার ও ৫টি ছক্কা মারেন ডান হাতি এই ব্যাটসম্যান।

রাবাদা ও স্টেইন ৩টি করে উইকেট নেন।